নারায়ণগঞ্জে জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে পুলিশের ওপর শিবিরের হামলা এবং ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল সোমবার রাতে দুটি মামলা করেছে। এসব মামলায় গতকাল রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলা জামায়াতের আমির মাওলানা মাঈনউদ্দিনসহ ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বাদী হয়ে জামাত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দুটি মামলা করেন। পুলিশ জানায়, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জেলা শিবিরের সভাপতি নাসিরুল্লাহসহ ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও অনেক ব্যক্তিকে আসামি করা হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈনউদ্দিনসহ ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা অনেক ব্যক্তিকে আসামি করা হয়েছে।জেলা পুলিশ সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে শহরের হাজিগঞ্জ এলাকার বাসায় অভিযান চালিয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈনউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। সূত্র আরও জানায়, সিদ্ধিরগঞ্জ থেকে জেলা জামায়াতের অর্থবিষয়ক সম্পাদক জুবায়েদ, রূপগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি, মুড়াপাড়া কলেজের শিক্ষক মোহাম্মদ আলী খানসহ ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম পুলিশের ওপর শিবিরের হামলার ঘটনায় দুটি মামলা করা ও জেলা জামায়াতের আমিরসহ ৪৮ জনকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালায় শিবির। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদেরসহ ১০ জন আহত হন। ওসির পিকআপ ভ্যানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন শিবিরকর্মীরা।