নারায়ণগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় লোহার এঙ্গেলবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। উপজেলার কেন্দুয়া কাঞ্চন ব্রিজ এলাকায় আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—জহিরুল ইসলাম (৩২), তারেক (১৮), রাকিব (২২), মোখলেছ (৩৫), তাইফুর (৩২) ও জাহিদ (২৪)। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন এলাকায়। তাঁরা এয়ারটেলের টাওয়ার নির্মাণের শ্রমিক। পুলিশ জানিয়েছে, ভোরে বেসরকারি মোবাইল ফোন কোম্পানি এয়ারটেলের এঙ্গেলবোঝাই একটি ট্রাক গাজীপুর থেকে কুমিল্লায় যাচ্ছিল। পথে ঢাকা বাইপাস সড়কের কেন্দুয়া কাঞ্চন ব্রিজ এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। ট্রাকের ওপরে বসা ১১ শ্রমিকের মধ্যে লোহার এঙ্গেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। আহত হয়েছে ট্রাকের চালক ও সহকারীসহ ছয়জন। আহতদের আশপাশের লোকজন উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।