নারায়ণগঞ্জে পাটের গুদামে আগুন, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ তোলারাম মোড় এলাকার পপুলার জুট এক্সচেঞ্জের গুদামে আজ সোমবার ভোররাতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ সাতজন আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোর পাঁচটার দিকে তোলারাম মোড় এলাকার পপুলার জুট এক্সচেঞ্জের পাটের গুদামে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ৪০ থেকে ৫০ ফুট ওপরে উঠে যায়। আগুনে গুদামের টিনগুলো পুড়ে গেছে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে পুড়তে থাকে গুদামে রাখা বিপুল পরিমাণ পাট।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির প্রথম আলোকে বলেন, খবর পেয়ে শহরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই গুদামে রাখা বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা যায়নি। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী এবং স্থানীয় পাঁচজন আহত হয়েছেন। তাঁদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল চিকিত্সা দেওয়া হয়েছে।