নারায়ণগঞ্জে পুলিশের ওপর শিবিরের হামলা, ওসিসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ইসলামী ছাত্রশিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় শিবিরের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শিবিরকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কারাবন্দী শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বেলা সাড়ে ১১টায় শহরের নূর মসজিদের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে দলের অঙ্গ সংগঠন শিবির। মিছিলটি শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পৌঁছে পুলিশের ওপর হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে শিবিরকর্মীরা নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদেরকে বহনকারী পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তখন শিবিরের সঙ্গে পুলিশ সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। শিবিরকর্মীরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এ সময় আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। দুই পক্ষের সংঘর্ষে ওসিসহ অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিবিরকর্মীদের হামলায় তিনি, কনস্টেবল আসাদুর রহমান ও হাবিলদার আলমগীর হোসেন আহত হন।জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০টি কাঁদানে গ্যাসের শেল ও ২০টি রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।