নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষে আহত ১০
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় আজ সোমবার সকাল নয়টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার সাদাতসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সংঘর্ষের সময় পুলিশের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও যোগ দেন। তবে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান দাবি করেন, আওয়ামী লীগের লোকজন পুলিশকে সহায়তা করতে চাইলে তাঁদের ফেরত পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলতা এলাকায় উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল ছোড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। একপর্যায়ে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে যোগ দেন। পুলিশ ফাঁকাগুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে ও লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে দুই পক্ষের ১০ জন আহত হয়। তাঁদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, পুলিশকে লক্ষ্য করে ছাত্রদলের নেতা-কর্মীরা ককটেল ছোড়েন। পুলিশ ফাঁকাগুলি, কাঁদানে গ্যাসের শেল ছোড়ে ও লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে। আওয়ামী লীগের কর্মীরা পুলিশকে সহায়তা করতে চাইলে তাঁদের ফেরত পাঠানো হয়।