নারায়ণগঞ্জে বাসে আগুন, ভাঙচুর
জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে আজ রোববার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি বাসে আগুন দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। আজ বেলা ১১টার দিকে চাষাঢ়ায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে চাষাঢ়ার চাঁদমারী এলাকায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা চার-পাঁচটি বাসে ভাঙচুর করেন। চাষাঢ়ার চাঁদমারী এলাকায় এবিসি স্কুলের সামনে ঢাকাগামী বন্ধন পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেন শিবিরকর্মীরা। ভয় পেয়ে বাস থেকে নেমে পড়েন চালক। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন।শহরের অন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটনের খবর পাওয়া যায়নি। ভোর থেকেই শহরের সব কটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ। তবে স্থানীয় পরিবহন চলাচল করছে। শহরের বেশির ভাগ দোকানপাট খোলা।