নারায়ণগঞ্জে বিদ্যুৎ কার্যালয়ে ভাঙচুর, অর্ধশতাধিক আহত, আটক ১১
নারায়ণগঞ্জে বিদ্যুতের দাবিতে গতকাল মঙ্গলবার গভীর রাতে বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর কয়েক দফা সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ আজ বুধবার ভোরে ১১ জনকে আটক করেছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গতকাল রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল, পাইকপাড়া, বেপারীপাড়া, নয়াপাড়া, বউবাজার, ভূঁইয়াপাড়া এলাকার কয়েক হাজার মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের মণ্ডলপাড়ার বিদ্যুৎ কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে তারা বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা ওই কার্যালয়ের অভিযোগ গ্রহণকারী কর্মচারী বোরহানকে মারধর করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ভোর চারটা পর্যন্ত এলাকাবাসীর সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ২৫০ রাউন্ড শটগানের গুলি ও বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে আজ ভোরে ওই সব এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১১ জনকে আটক করে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।