নারায়ণগঞ্জে ভাঙচুর-আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় আজ মঙ্গলবার হরতালে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যান ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। ঢাকা-নারায়ণগঞ্জের পাগলা পুরাতন সড়কের পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও কয়েকটি যানবাহন ভাঙচুর করেন তাঁরা।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ফতুল্লা পোস্ট অফিস এলাকায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা আনন্দ পরিবহনের একটি বাস ও একটি পিকআপভ্যান ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দেন। একই সময় আরও চার থেকে পাঁচটি বাস ভাঙচুর করেন তাঁরা। খবর পেয়ে নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।এ ছাড়া হরতালে শহরের কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। ভোর থেকে শহরের প্রায় সবগুলো পয়েন্টে প্রচুরসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও স্থানীয় পরিবহনগুলো চলাচল করতে দেখা গেছে। শহরের বেশির ভাগ দোকানপাট খোলা ছিল।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।