নারায়ণগঞ্জে ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ, আটক ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরে ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার হরতালের সমর্থকেরা গাড়ি ভাঙচুরসহ ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। চাঁদমারীতে পুলিশের সঙ্গে হরতাল-সমর্থনকারী মহানগর ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার সময় এ ঘটনা ঘটে।জেলা শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ছয়টার দিকে হরতালের সমর্থনে মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা চাঁদমারী এলাকায় একটি মিছিল বের করেন। এ সময় তাঁরা টায়ারে আগুন জ্বেলে সড়ক অবরোধ করেন। পুলিশ বাধা দিলে হরতাল-সমর্থনকারীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হরতাল-সমর্থকেরা তিনটি গাড়ি ভাঙচুর করে ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে হরতাল-সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ তিনজনকে আটক করেছে।এদিকে, সকাল সাড়ে সাতটার দিকে ছাত্রদলের নেতা রুশো, শাহেদ ও অপুর নেতৃত্বে হরতাল-সমর্থকেরা ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কের মাসদাইর এলাকায় টায়ারে আগুন জ্বালান। পরে পুলিশ গিয়ে ধাওয়া দিলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। সকাল সাড়ে ছয়টার দিকে শহরের সিরাজউদ্দৌলা সড়কে মহানগর বিএনপি ও মহানগর যুবদল হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি শহরের ১ নম্বর রেলগেটের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। অপরদিকে, রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে নয়জন পিকেটারকে আটক করে পুলিশ।অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।