নারায়ণগঞ্জে মিছিল, ককটেল
নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার হরতালের সমর্থনে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকেরা মিছিল করেছেন। হরতালের সমর্থকেরা ককটেলের বিস্ফোরণ ঘটান এবং সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ধুন হাজি রোড এলাকায় ১০-১২টি ককটেলের বিস্ফোরণ ঘটান ছাত্রশিবিরের কর্মী-সমর্থকেরা। পরে তাঁরা মহাসড়কে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল ছয়টায় শহরের কালীরবাজার এলাকায় নবাব সিরাজদ্দৌলা সড়কে মিছিল বের করেন ছাত্রশিবিরের কর্মীরা। এ সময় সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন তাঁরা। পুলিশ গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। একই সময়ে শহরের নিতাইগঞ্জ শহীদ বাপ্পী স্মৃতি সরণিতে মিছিল বের করেন নগর বিএনপি, ছাত্রদল ও মহানগর যুবদলের নেতা-কর্মীরা। পুলিশ তাঁদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেন মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।সকাল পৌনে সাতটায় সদর উপজেলার পঞ্চবটি এলাকায় পিকেটাররা ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে একটি বাস ভাঙচুর করেন। পরে পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, বিএনপির লোকজন পিকেটিং করার সময় পুলিশ তাঁদের বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।