নারায়ণগঞ্জে মিছিলে পুলিশের লাঠিপেটা, আহত ১০
নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল পৌনে আটটার দিকে শহরের মাসদাইর এলাকা থেকে হরতালের সমর্থনে বিএনপির একটি মিছিল বের হয়। জেলা বিএনপির কার্যালয়ে যাওয়ার সময় ২ নম্বর রেলগেট এলাকায় পুলিশ মিছিলটিতে বাধা দেয়। বিএনপির নেতা-কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। লাঠিপেটায় কমপক্ষে ১০ জন আহত হয়। পুলিশের লাঠিপেটার ঘটনার নিন্দা জানিয়ে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার প্রথম আলো অনলাইনকে বলেন, বিনা উসকানিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বেপরোয়া লাঠিপেটা করেছে। এতে ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়।