নারায়ণগঞ্জে যুবদল ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া
নারায়ণগঞ্জ শহরের গলাচিপায় হরতালের সমর্থনে আজ মঙ্গলবার সকালে যুবদলের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে গলাচিপা এলাকায় হরতালের সমর্থনে মহানগর যুুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকারের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এ সময় তাঁরা সড়কে টায়ারে আগুন জ্বালান। বাধা দিলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ কাঁদানের গ্যাসের শেল ও রাবারের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে তিনজন রাবারের গুলিবিদ্ধ হন। আহত হন অন্তত ১৫ জন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার সাংবাদিকদের কাছে দাবি করেন, পুলিশ বিনা উসকানিতে যুবদলের নেতা-কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নয়জন গুলিবিদ্ধ হওয়াসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, পুলিশকে লক্ষ্য করে যুবদলের নেতা-কর্মীরা বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়েন এবং সড়কে আগুন দেন। পুলিশ বাধ্য হয়ে রাবারের গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে, সকাল সাড়ে ছয়টার দিকে শহরের হাজীগঞ্জ এলাকায় মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা সড়কে টায়ারে আগুন জ্বালান। তাঁরা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।