নারায়ণগঞ্জে যুবদল ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে হরতাল চলাকালে আজ বুধবার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ সময় নেতা-কর্মীরা অগ্নিসংযোগ ও ককটেলের বিস্ফোরণ ঘটান। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল ছয়টার দিকে শহরের বরফকল মাঠ এলাকায় মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুর রহমান ও শাহেদ আহম্মেদের নেতৃত্বে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় নেতা-কর্মীরা সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটে। পুলিশ ঘটনাস্থলে গেলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।সকাল পৌনে ছয়টার দিকে শহরের কলেজ রোড এলাকায় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা মুজিবের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করে যুবদল। পুলিশ তাতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।শহরের জিমখানা এলাকায় নগর বিএনপি হরতালের সমর্থনে মিছিল বের করলে সেখানেও পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, হরতালে শহরের গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।