নারায়ণগঞ্জে লাঠিপেটা, আহত ৫
নারায়ণগঞ্জের কালিরবাজার এলাকায় আজ বৃহস্পতিবার সকালে হরতালের সমর্থনে বের হওয়া একটি মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এতে নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা মুজিবসহ পাঁচজন আহত হয়েছেন। ফতুল্লার কাশিপুর এলাকায় চার-পাঁচটি গাড়ি ভাঙচুর করেন ও ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বাধা সৃষ্টি করেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। এদিকে, গতকাল রাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নগর যুবদলের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোর ছয়টার দিকে শহরের কালিরবাজার এলাকায় যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা মুজিবের নেতৃত্বে একটি মিছিল বের হলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। এতে যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা মুজিবসহ পাঁচজন আহত হন। এ সময় রানা মুজিবসহ দুজনকে আটক করে পুলিশ।সকাল সাতটার দিকে সদর উপজেলার কাশিপুর এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা পাঁচটি গাড়ি ভাঙচুর করেন ও টায়ারে আগুন ধরিয়ে দেন। তৈমুর আলম খন্দকারের বাড়িতে তল্লাশিবিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সহসম্পাদক ও জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের বাড়িতে গতকাল দিবাগত রাত তিনটার দিকে তল্লাশি চালিয়ে নগর যুবদলের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে আটক করে পুলিশ। শহরের মিশনপাড়া এলাকা থেকে শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালসহ বিভিন্ন স্থান থেকে মোট ১৫ জনকে আটক করা হয়েছে। তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, রাতে পুলিশ তাঁর বাড়িতে তল্লাশির সময় বাড়ির লোকজনকে মারধর করে। তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আটকের তীব্র নিন্দা জানান। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, হরতালে নাশকতার আশঙ্কায় ১৫ জনকে আটক করা হয়েছে।