নারায়ণগঞ্জে শিবির-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ (ভিডিও)
হরতাল চলাকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আজ বুধবার জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ সময় ছয়জনকে আটক করা হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল পৌঁনে সাতটার দিকে শহরের গলাচিপা এলাকা থেকে মহানগর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের নেতৃত্বে লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। মিছিলটি শহরের চাষাঢ়া এলাকায় পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশও পাল্টা লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এই ঘটনায় পুলিশসহ ১০ জন আহত হন।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের প্রথম আলো ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ থেকে ৩৫টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ তিনজনসহ ছয়জনকে আটক করা হয়। ওসি জানান, তিনি নিজে ও পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে জামায়াত এ হরতালের ডাক দেয়।