নারায়ণগঞ্জে সংঘর্ষে আহত ১০
নারায়ণগঞ্জে আজ মঙ্গলবার সকালে ১৮-দলীয় জোটের হরতাল চলাকালে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।আহত ব্যক্তিদের মধ্যে গুলিবিদ্ধ দুজনকে চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ সকাল ছয়টার দিকে শহরের চারারগোপ কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের সামনে থেকে হরতালের সমর্থনে মিছিল করেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ শটগানের গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সেখানে সাংবাদিকসহ আহত হন পাঁচজন। এঁদের মধ্যে বিএনপির দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।অন্যদিকে সকাল সাড়ে ছয়টার দিকে শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কের জাকির সুপার মার্কেটের গলি থেকে মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ গুলি করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সেখানেও পাঁচজন আহত হন। এ সময় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।