নারায়ণগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতা তৈমূরসহ আহত ১০
নারায়ণগঞ্জের দুটি এলাকায় হরতালের সমর্থনে আজ মঙ্গলবার মিছিল বের করলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ লাঠিপেটা ও ফাঁকা গুলি ছোড়ে এবং নেতা-কর্মীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়। এসব ঘটনায় জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকারসহ অন্তত ১০ জন আহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল সোয়া ছয়টার দিকে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে হরতালের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। এতে পুলিশ বাধা দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের লাঠিপেটা করে তাঁদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়। লাঠিপেটায় জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকারসহ পাঁচজন আহত হন। পরে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে আশ্রয় নেন।সকাল সাড়ে ছয়টার দিকে শহরের গলাচিপা এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাম্যানসহ পাঁচজন আহত হন। পুলিশের লাঠিপেটায় আহত জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার প্রথম আলো ডটকমের কাছে অভিযোগ করেন, শান্তিপূর্ণ মিছিল করার সময় পুলিশ তাঁদের বেপরোয়া লাঠিপেটা করেছে। শহরের গলাচিপা এলাকায় পুলিশ বিএনপির মিছিলে গুলি করেছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, গলাচিপা এলাকায় জনসাধারণ ও যান চলাচলে বাধা দেওয়ায় ১৫-২০টি ফাঁকা গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।