নারায়ণগঞ্জে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে হরতালের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার সকালে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে আটক করে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল ছয়টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে হরতালের সমর্থনে মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি শহরের মণ্ডলপাড়া ঘুরে নিতাইগঞ্জে ফিরে গেলে পুলিশ তাতে বাধা দেয় এবং তাদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে এবং কয়েক দফা ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় স্থানীয় পত্রিকার দুই ফটোসাংবাদিক, শহর বিএনপির সহসভাপতি সুরুজ্জামানসহ ১০ জন আহত হন। পরে পুলিশের আরও সদস্য ঘটনাস্থলে গেলে বিএনপির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আহত সুরুজ্জামান দাবি করেন, পুলিশ বিনা উসকানিতে তাঁদের শান্তিপূর্ণ মিছিলে লাঠিপেটা করে ও গুলি ছোড়ে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের প্রথম আলো ডটকমকে জানান, বিএনপির নেতা-কর্মীরা মিছিলের একপর্যায়ে পুলিশের ওপর চড়াও হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা ফাঁকা গুলি ছোড়ে ও লাঠিপেটা করে।হরতালে শহরে হালকা যানবাহন চলাচল করছে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার গাড়ি চলাচল করছে না। ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।