নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতুল্লার চানমারীতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে আজ সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় একজন কলেজ ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী একটি বাস ভাঙচুর এবং টায়ারে আগুন লাগিয়ে আধ ঘণ্টা সড়ক অবরোধ করে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে চানমারী এলাকায় নারায়ণগঞ্জগামী টেম্পোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একতা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোতে থাকা আটজন যাত্রী আহত হন। আহতদের নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক কলেজ ছাত্র আবদুল মালেককে (২৫) মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন অপর একটি বাস ভাঙচুর করে। তাঁরা টায়ারে আগুন ধরিয়ে রাস্তার ওপর অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।