নারায়ণগঞ্জে হরতালকারী-পুলিশ সংঘর্ষ, আহত ১০
১৮-দলীয় জোটের ডাকে হরতালের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে হরতাল-সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় চারটি ককটেলের বিস্ফোরণ ও পাঁচটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ছয়টার দিকে শহরের চাষাঢ়া কলেজ রোড এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করেন শহর বিএনপি ও মহানগর যুবদলের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা একটি ট্রাক, বাসসহ পাঁচটি যানবাহন ভাঙচুর করেন এবং চারটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আহত হন মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, যুগ্ম আহ্বায়ক রানা মুজিব, যুবদলের নেতা জুলহাসসহ সাতজন। পুলিশ ঘটনাস্থল থেকে ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আল মামুনকে আটক করে।পরে পিকেটাররা চাষাঢ়ায় ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশকে লক্ষ্য করে নেতা-কর্মীরা ইটপাটকেল ছুড়লে পুলিশ রাবার বুলেট ছোড়ে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, হরতালে পিকেটাররা রেললাইন অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।সকাল সাড়ে ছয়টায় শহরের হাজীগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা। তাঁরা সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় তিনজন আহত হন।