নারায়ণগঞ্জে ৪০টি কচ্ছপ উদ্ধার
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৪০টি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় ফরিদ মিয়া নামের এক বিক্রেতাকে আটক করা হয়েছে।আজ শুক্রবার বেলা ১১টায় বন বিভাগের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশের সহায়তায় নারায়ণগঞ্জের ৩ নম্বর মাছঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।জানা গেছে, ফরিদ মিয়া ৩ নম্বর মাছঘাটে বাদল মিয়ার গদিতে বসে ছিলেন। অভিযানকালে ওই গদি থেকে ৪০টি জীবিত কচ্ছপ ছাড়াও ২০০টি কচ্ছপের খোলস ও পাঁচ কেজি শুকনো চর্বি উদ্ধার করা হয়। উদ্ধার করা কচ্ছপগুলোর মধ্যে ৩৫টি আসাম কড়িকাইট্টা, চারটি সুন্ধী ও একটি ধুম জাতের। পরে কচ্ছপগুলো রাজধানী ঢাকার আগারগাঁও বন ভবনে নিয়ে আসা হয়।এ ব্যাপারে বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল) তপন কুমার দে প্রথম আলো ডটকমকে জানান, কচ্ছপগুলো গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যানে কাছিম পুনর্বাসন কেন্দ্রের জলাধারে অবমুক্ত করা হয়েছে।