নারায়ণ চন্দ্র খুনের ছয় আসামি রিমান্ডে
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক নারায়ণ চন্দ্র দত্তের গাড়িচালক কামরুল হাসান ওরফে অরুণসহ ছয়জনকে চার দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আসামি কামরুল হাসান, সাইফুর রহমান, তারিকুল ইসলাম, বকুল মিয়া, সাঈদ ও রফিকুল ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে অস্ত্র, চুরি, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে। চিকিত্সক নারায়ণ চন্দ্র হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ধার ও পলাতক আসামিদের অবস্থান জানতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। গত ২৩ আগস্ট রাতে চিকিত্সক নারায়ণ চন্দ্র দত্ত নিজ বাসায় খুন হন। এ ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে। পরে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্যদের রিমান্ডে নেওয়া হয়েছে।