নারায়ণ চন্দ্র হত্যা মামলায় গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক এবং চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: সাইদুর (৩৫), ফয়সল (৩৫), মাসুদ পেদা (২৮) ও পিচ্চি কালাম (২৫)। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে আজ শনিবার এ তথ্য জানিয়েছেন।নজরুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্ত ও আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ওই দিন চুরির উদ্দেশ্যেই নারায়ণ চন্দ্রের বাসায় ঢুকেছিল। একপর্যায়ে নারায়ণ চন্দ্র জেগে উঠে তাদের বাধা দেন। এ সময় তারা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে কিছু মালামাল, স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।’ নজরুল ইসলাম আরও বলেন, ‘চুরির ঘটনায় বেশ কজন অংশ নিয়েছিল। কয়েকজন ছিল বাসার ভেতরে, আর কয়েকজন বাইরে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পিচ্চি কালামসহ আরেকজন নারায়ণ চন্দ্রকে ছুরিকাঘাত করে। অন্যজন পলাতক। তদন্তের স্বার্থে তার নাম এখনই প্রকাশ করা হচ্ছে না।’ গত বৃহস্পতিবার ভোররাতে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের পাশে সরকারি বাসায় খুন হন নারায়ণ চন্দ্র। দুর্বৃত্তরা তাঁর বাসার দোতলার জানালার দণ্ড (শিক) কেটে ভেতরে ঢোকে। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে তারা পালিয়ে যায়।নারায়ণ চন্দ্রের স্বজন ও হাসপাতালের একাধিক চিকিৎসকের অভিযোগ, হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ-প্রক্রিয়া নিয়ে পূর্বশত্রুতার জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার এক দিন পরই নারায়ণ চন্দ্র খুনের মামলা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।