নারায়ণগঞ্জ, রাজশাহী, চট্টগ্রামের চন্দনাইশ ও সীতাকুণ্ডে গতকাল সোমবার ইসলামী ছাত্রশিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। শিবিরকর্মীরা সেখানে পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। ভাঙচুর করেন বেশ কয়েকটি যানবাহন।এসব ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের, দৈনিক সমকাল-এর দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি শহীদ উদ্দীন চৌধুরীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। জামায়াত-শিবিরের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার ও আটক করেছে পুলিশ।মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে গতকাল ওই সব স্থানে ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবির।প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে খবর জানাচ্ছেন ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা:নারায়ণগঞ্জ: বেলা সাড়ে ১১টার দিকে শহরের চাষাঢ়া নূর মসজিদের সামনে এবং শহরের পুরাতন কোর্ট এলাকা থেকে দুটি ঝটিকা মিছিল বের করে শিবির। মিছিলটি ২ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে সেখানে সদর মডেল থানার ওসির গাড়ির ওপর হামলা চালানো হয় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন উপলক্ষে সমাবেশ হচ্ছিল। সেখানে অবস্থানরত একদল নেতা-কর্মী শিবিরের সঙ্গে যোগ দিয়ে হামলায় অংশ নেন। তাঁরা ওসির গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন এবং একটি কাপড় বহনকারী পিকআপ ভ্যানে আগুন দেওয়ার চেষ্টা করেন। শিবিরের কর্মীরা পুলিশকে লাঠিপেটাও করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গেলে তাদের সঙ্গে শিবিরকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন শিবিরকর্মীরা।সংঘর্ষে সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের, কনস্টেবল আসাদুর রহমান, হাবিলদার আলমগীর হোসেনসহ ১০ জন আহত হন। পুলিশের আহত সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।ওসি মঞ্জুর কাদের বলেন, হামলাকারী শিবির ক্যাডারদের বয়স ১৮ থেকে ২৫ বছর হবে। তাঁদের বেশির ভাগেরই কাঁধে থাকা ব্যাগের ভেতর ইট ও কেরোসিন তেল এবং হাতে লাঠি ছিল।অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান বলেন, শিবিরের অতর্কিত হামলায় ওসিসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের ১০টি শেল এবং শটগানের ২০টি গুলি নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে ভিডিও ফুটেজ ও ছবি দেখে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সকাল সাড়ে আটটার দিকে শিবিরের ২০-২৫ জন কর্মী মিছিল করেন। স্থানীয় যুবলীগ ও শ্রমিকেরা বাধা দিলে শিবিরকর্মীরা হামলা চালিয়ে চারজনকে আহত করেন। পুলিশ ধাওয়া দিয়ে শিবিরের চার কর্মীকে আটক করে।চন্দনাইশ (চট্টগ্রাম): প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা চন্দনাইশের দোহাজারী সদর জামে মসজিদ, মিনা আউলিয়া জামে মসজিদসহ বিভিন্ন স্থানে গোপনে সংগঠিত হতে থাকেন। জোহরের নামাজ শেষে তাঁরা ব্যানার, লাঠিসোঁটা, রড ও ইটপাটকেল নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিছিল শুরু করেন। মিছিলের ছবি তুলতে গেলে দৈনিক সমকাল-এর দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি শহীদ উদ্দীন চৌধুরীকে লাঠি দিয়ে পেটান শিবিরের কর্মীরা। পরে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকেরা এগিয়ে এলে মিছিলকারীরা দ্রুত পালিয়ে যান। জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে আটক করে পুলিশ।চট্টগ্রাম: সকাল সাড়ে নয়টার দিকে শিবিরের শতাধিক কর্মী সীতাকুণ্ড পৌর সদরের বাইপাসে জড়ো হয়ে লাঠিসোঁটা নিয়ে ঝটিকা মিছিল বের করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিছিলে বাধা দেয়। তখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন শিবিরের কর্মীরা। সীতাকুণ্ড থানার ওসি মো. সামিউল আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে। বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে ঘটনাস্থল থেকে চার শিবিরকর্মীকে আটক করা হয়েছে।রাজশাহী: সকাল নয়টার দিকে নগরের রাজারহাতা এলাকায় লোকনাথ স্কুলের সামনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন শিবিরের কর্মীরা। পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে।বাগমারা (রাজশাহী): বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকা থেকে জামায়াত-শিবিরের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক পারভেজ জানান, তাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।ফরিদপুর: বিকেল সোয়া পাঁচটার দিকে শহরের আলীপুর মোড় এলাকায় শিবিরের মিছিল থেকে একজনকে আটক করে পুলিশ।