নারায়ণগঞ্জ অচল করার হুমকি দিলেন সেলিম ওসমানের প্রতিনিধি
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক জি এম ফারুক বলেছেন, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের ধারাবাহিক সংবাদ প্রতিবেদনে সাংসদ সারাহ্ বেগম কবরী বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। ভবিষ্যতে সেলিম ওসমানের বিরুদ্ধে এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হলে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার নারায়ণগঞ্জের সবকিছু বন্ধ করে দেবে।গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভায় জি এম ফারুক এই হুমকি দেন। আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য, বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তারিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমানের প্রতিনিধি হিসেবে জি এম ফারুক ওই সভায় যোগ দেন।জি এম ফারুকের এই বক্তব্যের পর আইনশৃঙ্খলা রক্ষা কমিটির উপদেষ্টা, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু তাঁর (ফারুক) উদ্দেশে বলেন, ‘সবকিছু বন্ধ করা বলতে আপনি কী বোঝাতে চেয়েছেন? আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় বসে আপনি নারায়ণগঞ্জে সবকিছু বন্ধ করে দেওয়ার হুমকি দিতে পারেন না। কারও কোনো বক্তব্যের বিরোধিতা করার নিয়মতান্ত্রিক পন্থা আছে। যত প্রভাবশালীই হোন না কেন, প্রতিবাদ জানাতে হবে নিয়মতান্ত্রিক পন্থায়। ভয়ভীতি দেখিয়ে, মানুষকে জিম্মি করে, সবকিছু বন্ধ করে কাউকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে দেওয়া হবে না।’সভার সভাপতি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. সামছুর রহমানও তাৎক্ষণিকভাবে জি এম ফারুকের হুমকির প্রতিবাদ জানান। এরপর জি এম ফারুক নারায়ণগঞ্জের সবকিছু বন্ধ করে দেওয়া হবে—এ-সংক্রান্ত তাঁর বক্তব্য প্রত্যাহার করে নেন।জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাংসদ গাজী গোলাম দস্তগীর, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সাংসদ সারাহ্ বেগম কবরী, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া, জেলা আওয়ামী লীগের নেতা আবদুল হাই, দলের ফতুল্লা এলাকার নেতা শহীদুল্লাহ, আড়াইহাজার এলাকার নেতা মিয়া আলাউদ্দিন, সোনারগাঁয়ের নেতা মাহফুজুর রহমান কালাম, জেলা সিভিল সার্জন মতিয়ার রহমান প্রমুখ।সাংসদ নজরুল ইসলাম আরও বলেন, নারায়ণগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পরোয়ানাভুক্ত আসামি যে দলেরই হোক, তাকে গ্রেপ্তার করতে হবে। এ ছাড়া বিভিন্ন স্থানে চার-পাঁচজন ছাত্রছাত্রী নিয়ে মাদ্রাসা গড়ে তোলা হচ্ছে। কারা, কাদের অর্থায়নে, কী উদ্দেশ্যে এসব মাদ্রাসা গড়ে তুলছে, প্রশাসনের উচিত সে সম্পর্কে খোঁজ-খবর নেওয়া।সাংসদ সারাহ্ বেগম কবরী বলেন, সংবাদপত্রে খবর বেরিয়েছে, স্থানীয় সাবেক এক সাংসদের ক্যাডার যুবলীগ নামধারী সন্ত্রাসী জহিরুল ইসলাম ভূঁইয়া ওরফে ক্যাঙ্গারু পারভেজ ৪ সেপ্টেম্বর এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়েছে। ক্যাঙ্গারু পারভেজের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১০টি মামলা রয়েছে। ক্যাঙ্গারু পারভেজ একের পর এক অঘটন ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করলেও পুলিশ তাকে আইনের আওতায় আনছে না। এ ধরনের ক্যাঙ্গারু পারভেজরা দল ও সরকারের ক্ষতি করছে। সন্ত্রাসী যেই হোক, যার লোকই হোক, তার বিরুদ্ধে প্রশাসনের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া। তিনি আরও বলেন, কয়েক মাস আগে ফতুল্লার মুন্সিগোলায় ব্যবসায়ীর ২৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশি তদন্তে কোনো অগ্রগতি নেই।আওয়ামী লীগের নেতা শহীদুল্লাহ বলেন, কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী নারায়ণগঞ্জ শহর ও পার্শ্ববর্তী ফতুল্লায় সাধারণ মানুষকে জিম্মি করে সরকার ও দলের ভাবমূর্তি বিনষ্ট করছে। এসব সন্ত্রাসীর বেশির ভাগই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত হলেও, তারা পুলিশের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ফতুল্লার বিভিন্ন স্থানে ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি হচ্ছে।জেলা সিভিল সার্জন মতিয়ার রহমান বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কয়েক দিন আগে অ্যানথ্রাক্সে আক্রান্ত গরুর সন্ধান মিলেছে। অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা কমিটির গতকালের সভায় নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাতীয় পার্টির (জাপা) সাংসদ নাসিম ওসমান এবং তাঁর ভাই বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার ও নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি সেলিম ওসমান আসেননি। তবে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির গত মাসের সভায় ওই দুই ভাই উপস্থিত ছিলেন। সেই সভায় নাসিম ওসমান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনেই আওয়ামী লীগের সাংসদ সারাহ্ বেগম কবরীকে আগামী দুই মাসের মধ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন।গতকাল আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা চলাকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষের দরজা বন্ধ করে রাখা হয়েছিল। নিরাপত্তার কারণে দরজা বন্ধ রাখা হয় বলে জানা গেছে। আগে সভার সময় সম্মেলনকক্ষের দরজা খোলা থাকত। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সিঁড়ির নিচে গতকাল ছিল কড়া পুলিশি প্রহরা। সাধারণত পুলিশ থাকে এই কার্যালয়ের ফটকে।