নারায়ণগঞ্জ টঙ্গী রংপুর সিটি করপোরেশনে উন্নীত হচ্ছে
নারায়ণগঞ্জ, টঙ্গী ও রংপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হচ্ছে। নতুন এ তিনটি সিটি করপোরেশন করার জন্য প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে স্থানীয় সরকার বিভাগ। আর এ জন্য আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠেয় পৌর নির্বাচন এ তিন স্থানে হচ্ছে না।গত জুলাই মাসে স্থানীয় সরকার বিভাগ থেকে নির্বাচন কমিশনে পাঠানো নির্বাচন উপযোগী ২৭২টি পৌরসভার তালিকায় উল্লিখিতগুলোর নামও ছিল। কিন্তু গত সপ্তাহে এ তিনটি পৌরসভাকে সিটি করপোরেশন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়ায় নির্বাচনের তালিকা থেকে এগুলোকে বাদ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ১ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক সভায় এ ব্যাপারে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় বর্তমান সরকারের মেয়াদেই কুমিল্লা, ময়মনসিংহ, গাজীপুর ও বগুড়া পৌরসভাকেও সিটি করপোরেশন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।জানা গেছে, ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে রাজধানীর ঠিক বাইরে অবস্থিত নারায়ণগঞ্জ ও টঙ্গী পৌরসভাকে সিটি করপোরেশন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর নতুন বিভাগ হওয়ায় রংপুরকে একই মর্যাদা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে রংপুরকে সিটি করপোরেশন করার বিষয়ে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনায়ও রয়েছে। জানতে চাইলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, রংপুর, টঙ্গী এবং নারায়ণগঞ্জকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়াও আরও কয়েকটি জনবহুল পুরোনো পৌরসভাকে সিটি করপোরেশন করার পরিকল্পনা করা হয়েছে।জানা গেছে, প্রাথমিকভাবে এ তিনটি পৌরসভার বর্তমান সীমানাকেই সিটি করপোরেশন এলাকা হিসেবে গণ্য করা হবে। ভোটার হবেন পৌরসভার ভোটাররাই। ওয়ার্ডও আপাতত ভাঙা হবে না। এসব বিষয়ে স্থানীয় সরকার বিভাগ এ মাসেই আইন মন্ত্রণালয়ের মতামত নেবে। মতামত পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে এ নতুন তিন সিটি করপোরেশনের ঘোষণা দেওয়া হবে। একই সঙ্গে শুরু হবে নির্বাচনের প্রক্রিয়া।স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘রাজধানী ঢাকার ওপর চাপ কমাতেই টঙ্গী, নারায়ণগঞ্জ এবং গাজীপুরকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। আর বিভাগ হওয়াতে রংপুরকে এমনিতেই সিটি করপোরেশন করতে হবে।’ রহমত আলী বলেন, এর বাইরে বর্তমান ঢাকা সিটি করপোরেশনকে দুভাগে বিভক্ত করারও প্রস্তাব রয়েছে। তিনি বলেন, ‘এর কারণ, একজন মেয়রের পক্ষে এত বড় এলাকা দেখভাল করা অসম্ভব বিষয়।’ ঢাকার নির্বাচন অনিশ্চিত: মেয়াদ শেষ হওয়ার পর তিন বছর পেরিয়ে যাওয়া ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন এখনো অনিশ্চিত। ইতিমধ্যে নির্বাচন কমিশন দুই দফা এ জন্য প্রস্তুতি নিলেও সরকার দৃশ্যত এ বিষয়ে ধীরে চলার নীতি নিয়েছে। তবে ইতিমধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকার খসড়া ভোটার তালিকা করা হয়েছে। ২০০৭ সালের ১৪ মে ডিসিসির বর্তমান মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়েছে।মেয়াদ শেষ হওয়ার তিন বছর পরও কেন এ নির্বাচন হচ্ছে না জানতে চাইলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রথম আলোকে বলেন, ‘পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর ঢাকায় নির্বাচন হবে।’নির্বাচন কমিশনার ছহুল হোসেইন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কমিশন আপাতত ঢাকার নির্বাচন নিয়ে ভাবছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে কমিশন এখন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে কাজ করছে।’প্রসঙ্গত, আগামী জানুয়ারিতে ২৭২টি পৌরসভা এবং মার্চে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।