নারায়ণগঞ্জ শহরের এস এম মালেহ রোডের সংস্কার হবে কবে
অর্থ বরাদ্দ হয়েছে। দরপত্র প্রক্রিয়া শেষে কার্যাদেশও পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশের পর তিন মাস হতে চলেছে। তবু শুরু হচ্ছে না নারায়ণগঞ্জ শহরের এস এম মালেহ রোডের সংস্কারকাজ। ফলে যাত্রী ও পথচারীদের দুর্ভোগে পড়তে হচ্ছে টানবাজার এলাকার এই সড়কে।অনুসন্ধানে জানা গেছে, ব্রিটিশ আমলে নির্মিত শীতলক্ষ্যা নদীর তীরের গুরুত্বপূর্ণ একটি সড়ক এস এম মালেহ রোড। এই সড়কের সংস্কার ও ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয় নারায়ণগঞ্জ পৌরসভা থাকার সময়। কিন্তু কাজ শুরুর আগেই পৌরসভা বিলুপ্ত হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয়। তবে সিটি করপোরেশন সড়কটির উন্নয়নকাজের প্রক্রিয়া এগিয়ে নেয়। সেই ধারাবাহিকতায় গত ২ আগস্ট একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয় সিটি করপোরেশন। তাতে উল্লেখ করা হয়েছে, কার্যাদেশ পাওয়ার আট মাসের মধ্যে সড়কের সংস্কারকাজ শেষ করতে হবে। এখন পর্যন্ত কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। টানবাজার এলাকাজুড়ে থাকা এই সড়কের আশপাশে রয়েছে দেশের বৃহত্তম পাইকারি রং, সুতা, তুলা, ডাইস ও রাসায়নিক পদার্থের মার্কেট। এ ছাড়া রয়েছে অর্ধশতাধিক ব্যাংক ও বিমা অফিস।গিয়ে দেখা গেছে, এস এম মালেহ রোডের ১ নম্বর রেলগেট থেকে অলংকার প্লাজা (সাবেক হংস হলের পুল) পর্যন্ত অংশ বেহালে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। জায়গায় জায়গায় খোয়া উঠে গেছে। বৃষ্টি হলে ভাঙা রাস্তায় পানি জমে থাকে। আর শুকনোর সময় সড়ক ছেয়ে থাকে ধুলোয়।বাণিজ্যিক ও আবাসিক দুই ধরনের এলাকা আছে এস এম মালেহ রোডের আশপাশে। এখানে সাহাপাড়া, মহিম গাঙ্গুলী রোড, লয়েল ট্যাংক রোডগুলোয় রয়েছে আবাসিক এলাকা। এস এম মালেহ রোডে আল জয়নাল প্লাজা অ্যাপার্টমেন্টের বাসিন্দা সুব্রত সাহা জানান, এই রাস্তায় ঠেলাগাড়ি, রিকশা, প্রাইভেটকার থেকে শুরু করে ট্রাক, কভার্ড ভ্যান, কন্টেইনার মুভারের মতো ভারী যানবাহন চলাচল করে। সরু এই রাস্তায় দিনরাত সব সময়ই যানজট থাকে। রাস্তার গর্তে ছোট যানবাহনের চাকা আটকে যানজটের সৃষ্টি হচ্ছে। একই প্রসঙ্গে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোলায়মান বলেন, এস এম মালেহ রোড শহরের গুরুত্বপূর্ণ সড়ক হলেও দীর্ঘদিন ধরে করুণ অবস্থায় আছে। ব্যবসায়িক প্রয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য লোক প্রতিদিন এখানে আসে। রাস্তাটি ভাঙা থাকায় মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। সড়কটির বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, ‘২৭ নভেম্বর শপথের পরে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে নগর ভবনে যাব। আমার প্রথম কাজ হবে এই সড়কের সংস্কারকাজ যাতে দ্রুত শুরু হয় সেই ব্যবস্থা করা।’ এস এম মালেহ রোডের সংস্কারকাজ শুরু হচ্ছে না কেন, জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিনুল্লাহ নূরী বলেন, ‘শিগগিরই কাজ শুরু হবে।’নবনির্বাচিত সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘২৭ নভেম্বর শপথ নিয়ে আগামী ১ ডিসেম্বর বিজয়ের মাসে প্রথম দিন আমি নগর ভবনে অফিস করব। দায়িত্ব নেওয়ার পর খোঁজ নিয়ে দেখব কারও গাফিলতির কারণে রাস্তাটির কাজ বন্ধ ছিল কি না। গাফিলতি পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’