বিনা পয়সায় চা-কলা!চায়ের দোকানে গেলে বিনা পয়সায় চা পান করা যায়, টাকা দিতে গেলে দোকানি নেন না। এ কথা কেউ কি বিশ্বাস করবে? অবিশ্বাস্য এই ঘটনাই দেখা যাচ্ছে নারায়ণগঞ্জের তামাকপট্টি এলাকায় আলমের চায়ের দোকানে। দিন কয়েক আগের কথা। দোকানের ভেতরে তখন টেলিভিশনে সিনেমা চলছে। বেশ কয়েকজন বসে সিনেমা দেখছে আর চলছে তাদের চা পান। সেখানে বসেই চা-কলা খেলাম। শেষে বিল দিতে গেলে দোকানি টাকা নিচ্ছেন না। ‘টাকা নেবেন না কেন?’ এমন প্রশ্নে তিনি বলেন, একজন কাউন্সিলর প্রার্থীর খরচে নির্বাচনের আগপর্যন্ত চা পান করা ফ্রি। ‘আমরা তো এখানকার ভোটার না, ঢাকা থেকে এসেছি।’ এ কথায় দোকানদার একটু থমকে গেলেন। তারপর বললেন, ‘ঠিক আছে, তাও লাগব না। ভোটার লেইখা রাখুমনে।’— ইমরান উজ-জামানবাপ-বেটার লড়াই!নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোয় এখন টান টান উত্তেজনা। ভোটের যুদ্ধে জয়ী হতে কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে চলছে প্রতিযোগিতা। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে একেকজন একেক কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছেন। ৩ নম্বর ওয়ার্ডে এমন প্রতিযোগিতায় শামিল হয়েছেন বাবা-ছেলে। টিউবওয়েল প্রতীক নিয়ে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন নূর সালাম। তাঁর ছেলে শাহ্জালাল বাদলের প্রতীক পদ্ম ফুল। তিনি বললেন, ‘কে বেশি জনপ্রিয়, তা যাচাইয়ের জন্য বাবা-ছেলে প্রার্থী হয়েছি।’তবে স্থানীয় কেউ কেউ দাবি করলেন, তাঁদের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি সাজানো। মূল প্রার্থী হচ্ছেন শাহ্জালাল বাদল। ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগে সুবিধা নেওয়ার জন্য কৌশলগত কারণে নূর সালাম প্রার্থী হয়েছেন। তবে কাগজ-কলমে বাবা-ছেলে প্রার্থী হওয়ায় এলাকাবাসী মজার একটি আলোচনার খোরাক পেয়েছেন। অন্যদিকে নূর সালামের ছোট ভাই নূর হোসেন ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন।— আসিফ হোসেনমিছিল থেকে ইভ টিজিংনারায়ণগঞ্জ শহরের সবখানেই এখন নির্বাচনের আমেজ। শহরটা যেন উৎসবের নগরে পরিণত হয়েছে। মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীরা প্রচারণার প্রতিযোগিতায় নেমেছেন। এক প্রার্থীর নির্বাচনী মিছিল যাচ্ছিল শহরের চাষাঢ়ার মোড় দিয়ে। মিছিলে ধ্বনিত হচ্ছে প্রার্থীর গুণগান।ঠিক তখনই মিছিলের পাশ দিয়ে যাচ্ছিলেন ইউনিফর্ম পরা কয়েকজন কলেজছাত্রী। তখন মিছিল বাদ দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন কয়েকজন তরুণ। তাঁরা ছাত্রীদের উদ্দেশ করে বললেন, ‘আপা আসেন আমাদের দলে। আমাদের দল বড় হোক। আপনারা সঙ্গে থাকলে আমাদের প্রার্থীর ভোটের অভাব হবে না।’ ছাত্রীরা বিরক্ত হয়ে সেই রাস্তা ছেড়ে মহল্লার রাস্তার দিকে চলে গেলেন। সচেতন কয়েকজন পথচারী মিছিলের তরুণদের আচরণকে ভালো চোখে দেখলেন না। তাঁদের ভাষ্য হচ্ছে, যে প্রার্থীর কর্মীরা মেয়েদের সঙ্গে এমন ব্যবহার করে, তাঁদের ভোট দেওয়া ঠিক হবে না। — ঢাকায় থাকি প্রতিবেদকগরিবের ভোটনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন। প্রার্থী আর তাঁদের কর্মীরা এখন ভোটারদের সঙ্গে ভালো ব্যবহার করছেন। মধুর সুরে কথা বলে ভোটারদের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা। নিজ প্রার্থীর গুণকীর্তন আর প্রতিপক্ষের প্রার্থীর নিন্দে-মন্দ করে ছন্দে ছন্দে ছড়া কেটে প্রচারণা চালাচ্ছেন কর্মীরা। এমনি এক প্রচারণার সময় ভোটারদের একজন খানিকটা পাশ কাটিয়ে দূরে চলে গেলেন। লাঠিতে ভর দিয়ে হাঁটতে হাঁটতে এই বয়স্ক ভোটার বলতে লাগলেন, ‘এখন কী আদরের কথা বলছে! নির্বাচনের পরে দেখবেন এদের উল্টা রূপ।’তাঁর কাছে যাই। এভাবে খেপেছেন কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরার দরকার কী? আমরা তো ভাসি আইয়েছি। আমাগোরের ভোট লাগবি না ওনাদের। যারা বড়লোক হ্যাতেগোর ভোট অইলেই অইব। ভোটের পর কি আমরার খবর কেউ রাখত?’— ঢাকায় থাকি প্রতিবেদক