নারায়ণগঞ্জ সিটির দায়িত্ব নিলেন আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম মেয়র হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে দায়িত্ব নিয়েছেন সেলিনা হায়াৎ আইভী।আজ বেলা ১১টায় নিজ বাসা থেকে বের হয়ে প্রায় ৮০ মিনিট হেঁটে তিনি নগর ভবনে পৌঁছানোর পর মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় আইভীর সঙ্গে শত শত মানুষ হেঁটে নগর ভবনে যান।মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করে সমবেতদের উদ্দেশে আইভী বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করে সংসদে আইন পাস করেছে। কিন্তু দেশের সিটি করপোরেশনগুলিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষে অন্তর্বর্তীকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো অনির্বাচিত ব্যক্তিরা প্রশাসন চালাবেন—এই বিধান করা হয়েছে। নির্বাচিত প্রতিনিধি পরবর্তী নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তর করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাকে যেভাবে সরে যেতে হলো, তা দুঃখজনক। শক্তিশালী স্থানীয় সরকারব্যবস্থা না থাকলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে না।’আইভী আরও বলেন, ‘সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর আমার দল আমার কোন অযোগ্যতার কারণে আমাকে নির্বাচনে মেয়র পদে সমর্থন দেয়নি, তা আমি আজও জানতে পারিনি। নির্বাচনে আমি জনতার প্রার্থী ছিলাম। গত ২৭ জুন যখন দায়িত্ব বুঝিয়ে দেই সেদিন আমি বলেছিলাম, এই নগর ভবনে জনতার রায় নিয়ে আমি আবার ফিরে আসব। নিজের প্রতি আমার বিশ্বাস ছিল যে দায়িত্ব পালনে আমি জনস্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করিনি। আজ দায়িত্ব নেওয়ার দিন আমি সকলের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছি। নগর ভবন, ধম-বর্ণ-দলমত-নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত। এখানে কোনো দলবাজি, টেন্ডারবাজি চলবে না। সবাইকে চলতে হবে আইন কানুন মেনে।’আইভী বলেন, ‘নারায়ণগঞ্জের জনতা সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুর বিরুদ্ধে রায় দিয়েছে। জনতার রায়ের সম্মান আমাকে রাখতে হবে। নারায়ণগঞ্জের গণমানুষের কর্মী হিসেবে কাজ করতে চাই। অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ অব্যাহত থাকবে।’নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে আইভী বলেন, ‘আপনারা কেউ টেন্ডারবাজির সঙ্গে সম্পৃক্ত হবেন না। জনগণকে সঙ্গে নিয়ে তাদের কল্যাণে কাজ করুন।’এ সময় অন্তর্বর্তীকালীন সময়ে সরকার নিযুক্ত প্রশাসক শাহ কামাল (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব) ছাড়াও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিনুল্লাহ নূরী বক্তব্য দেন।গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে আইভী লক্ষাধিক ভোটের ব্যবধানে শামীম ওসমানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত মেয়র হিসেবে আইভীকে শপথবাক্য পাঠ করান।