নারায়ণগঞ্জবাসীই তাদের নেতা ঠিক করবে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, নির্বাচন কমিশন অতীতে স্থানীয় পর্যায়ের নির্বাচনে নিরপেক্ষভাবে ও দক্ষতার সঙ্গে কাজ করেছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনেও যেন জনগণের রায় যথাযথভাবে প্রতিফলিত হয়। মেয়র নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষই তাদের নেতা ঠিক করবে।’ আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়। ওই প্রতিবেদনে আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত বলেন, ঠিকমতো সরকার চালাতে হলে ত্রুটি-বিচ্যুতি দূর করে সব শক্তিকে ঐক্যবদ্ধ করে মাঠে নামতে হবে। তিনি বলেন, ‘যেভাবে নির্বাচনে আমরা বিজয়ী হয়েছি, সেভাবে রাষ্ট্র পরিচালনায় সব কর্মী ও মানুষকে সম্পৃক্ত করতে হবে।’ এদিকে বিকেলে বাংলাদেশ শিশু একাডেমীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা, হামলার হোতা ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য দেশি-বিদেশি অর্থায়নে বিরোধী দল বিএনপি রোডমার্চ করেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার কোনোভাবেই বন্ধ করতে পারবেন না।’ আজ বিকেলে যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, সিলেটে খালেদা জিয়া আরেকটি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামীর মতো নরখাদকদের পাশে নিয়ে তিনি কী মুক্তিযুদ্ধ করবেন। তিনি কি দেশকে সাম্প্রদায়িক বানাবেন। এ জন্যই খালেদা জিয়ার যুদ্ধ কিনা? তিনি এ প্রশ্ন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি মিজু আহমেদ, বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক ফাল্গুনি হামিদ প্রমুখ।