নারায়ণগঞ্জে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার কাউন্সিলরদের ও সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র যাচাইবাছাই করার কাজ চলছে। রিটার্নিং অফিসার বিশ্বাস লুত্ফর রহমান এ কথা জানিয়েছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডের জন্য কাউন্সিলর পদে ২৭৮ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৫৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁরা হলেন সাবেক সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জের সাবেক পৌর মেয়র সেলিনা হায়াত আইভী, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সাংসদ এস এম আকরাম, বিএনপির নেতা তৈমুর আলম খন্দকার, ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি আতিকুর ইসলাম মুন্সি, আওয়ামী ওলামা লীগের বহিষ্কৃত সভাপতি হাবিবুল্লাহ কাঁচপুরী এবং স্বতন্ত্র হিসেবে আতিকুল ইসলাম ও শরিফ আহমেদ।