নারায়ণগঞ্জে ইজারা-প্রক্রিয়ার আগেই কোরবানির হাট দখল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের বরফকল খেয়াঘাটসংলগ্ন কোরবানির পশুর হাট ইজারা-প্রক্রিয়া শেষ হওয়ার আগে দখল হয়ে গেছে। জাতীয় পার্টির স্থানীয় একজন সাংসদের ক্যাডাররা এই হাট দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভি।পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার চারটি পশুর হাট ইজারা দেওয়ার জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়। শহরের খানপুরের বরফকল ও চাষাঢ়া রেলস্টেশন হাট দুটির ইজারার দর গত বছরের চেয়ে ৫০ শতাংশ কম উল্লেখ করা হয়। এ কারণে ওই দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করা হয়। সূত্র জানায়, কাল বুধবার ওই দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু দরপত্রের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই গত শুক্রবার স্থানীয় ফারুক, সজল, চঞ্চল, জসীম, এমিলিসহ বেশ কয়েকজন বরফকল হাটটি দখল করে নেন। তাঁরা নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ নাসিম ওসমানের অনুসারী বলে পরিচিত। অভিযোগ পাওয়া গেছে, হাটের দখলদারেরা হাটে গরু আনতে ব্যবসায়ীদের বাধ্য করছেন। এ বিষয়ে জানতে আজ রাতে বেশ কয়েকবার নাসিম ওসমানের মুঠোফোনে ফোন করেও বন্ধ পাওয়া যায়। দখলদার ফারুক, সজলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।জেলা প্রশাসক বরাবর লেখা মেয়র সেলিনা হায়াতের অভিযোগে উল্লেখ করা হয়, বরফকল খেয়াঘাটসংলগ্ন কোরবানির পশুর হাটের দরপত্র জমাদানের শেষ দিন ছিল ৯ নভেম্বর (আজ মঙ্গলবার)। ১০ নভেম্বর (কাল বুধবার) দরপত্র খোলার কথা। কিন্তু ইজারা কার্যক্রম শেষ হওয়ার আগেই কে বা কারা সেখানে অবৈধভাবে হাট বসিয়েছে। মেয়র অবৈধ এই হাট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে অনুরোধ জানান। সেলিনা হায়াত বলেন, বরফকল খেয়াঘাটসংলগ্ন হাটটি গত বছর ৩০ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছিল। এ বছর দরপত্রে সেই হাট মাত্র ১৫ লাখ টাকা দর হাঁকা হয়েছে। এ ছাড়া শহরের চাষাঢ়া রেলস্টেশন হাট গত বছর দুই লাখ টাকায় ইজারা দেওয়া হলেও এবার দরপত্রে এক লাখ টাকা উল্লেখ করা হয়। এ কারণে নতুন করে দরপত্র আহ্বান করা হয়। তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীরা সিন্ডিকেট করে ইজারার আগেই হাট দখল করে নিয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, গতকাল সোমবার রাতে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে পশুর হাট দেখা গেছে। হাটে অনেক পশু থাকলেও তা বিক্রি হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।