নারায়ণগঞ্জে ঈদে বকশিশের নামে চাঁদাবাজি করায় ২ পুলিশ বরখাস্ত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে যানবাহন থামিয়ে ঈদ বকশিশের নামে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের দুই সদস্যকে আজ মঙ্গলবার বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন রিজার্ভ পুলিশের হাবিলদার আবদুল মজিদ ও কনস্টেবল মজিদুল ইসলাম।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল ও সোনারগাঁ উপজেলার কাঁচপুর মোড় এবং মদনপুর-জয়দেবপুর-ঢাকা বাইপাস সড়কে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদাবাজি নেওয়ার একটি প্রতিবেদন গতকাল (সোমবার) প্রথম আলোতে প্রকাশিত হয়।ওই দিনই নারায়ণগঞ্জের পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এস এম আশরাফুল আলমকে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।এস এম আশরাফুল আলম দুই দিন তদন্ত করে জেলা থেকে দায়িত্ব পালন করতে যাওয়া রিজার্ভ পুলিশের হাবিলদার আবদুল মজিদ ও কনস্টেবল মজিদুল ইসলামের চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পান। তাঁদের দুজনকে বরখাস্ত করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে।এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আশরাফুল আলম প্রথম আলোকে জানান, চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করে তাঁদের দায়িত্ব পালন থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।