নারায়ণগঞ্জে এবার ব্যবসায়ী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বালুর মাঠ এলাকা থেকে খসরু তালুকদার (৪৫) নামের এক ব্যবসায়ী গত সোমবার রাতে নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত তাঁর কোনো হদিস পাওয়া যায়নি। পুলিশ বলছে, খসরুর অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।শহরের ৩৩/২ আমলাপাড়া কেসি নাগ রোড এলাকায় বসবাস করেন খসরু। তিনি গার্মেন্টসের বিভিন্ন ধরনের সামগ্রী সরবরাহ করেন।এ ঘটনায় নারায়ণগঞ্জে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। কারণ, এর আগে তানভীর মুহামঞ্চদ ত্বকী, ব্যবসায়ী আশিকুর রহমান, নাট্যকার দিদারুল ইসলাম চঞ্চল ও ব্যবসায়ী প্রাণ গোবিন্দ সাহা ভুলুও একইভাবে নিখোঁজ হয়েছিলেন। পরে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় খসরুর স্ত্রী মেঘলা তালুকদার গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ছাড়া শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র‌্যাব-১১-এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানিতেও একটি আবেদন দিয়েছেন।মেঘলা তালুকদার জানান, শহরের বালুর মাঠ এলাকায় তাঁর স্বামীর ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাতে তিনি ওই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ হন। রাত ১১টা থেকে তাঁর মুঠোফোন দুটি বন্ধ রয়েছে। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর সব স্থানে খবর দেওয়া হয়েছে। নিখোঁজ ব্যবসায়ীর আত্মীয় ও বন্ধুদের জিজ্ঞাসা করা হচ্ছে। চেষ্টা চলছে তাঁর অবস্থান শনাক্ত করার।