নারায়ণগঞ্জে এসিআই কারখানায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ১
মজুরি বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশের গুলিতে এক শ্রমিক নিহত ও অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে। আহত হয়েছে ১০ পুলিশ সদস্য, পথচারীসহ শতাধিক। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আজ রোববার সকাল ১১টা থেকে দুপুরে সাড়ে ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। নিহতের নাম এনামুল হক (২৫)। তাঁর বাড়ি রংপুরে। তিনি শহরের হাজীগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন। তিনি কারখানার অস্থায়ী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় চার শ শ্রমিক কাজ করেন। গত কয়েক দিন ধরে শ্রমিকেরা বেতন বৃদ্ধি ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে আন্দোলন করে আসছিলেন। আজ সকালে শ্রমিকেরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে কারখানার ভেতর দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাব্যবস্থাপক (জিএম) ইশতিয়াক আহমেদকে অবরুদ্ধ করে রাখেন। তাঁরা কারখানার দুটি ইউনিটে (এনিমেল ড্রাগস ও হিউম্যান ড্রাগস) হামলা ও ভাঙচুর চালান। এ সময় আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জ পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। শ্রমিকেরা কারখানার ভেতর ১০-১২টি যানবাহন ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০-৪০টি কাঁদানে গ্যাস ও শতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হন। তাঁদের শহরের খানপুর নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুর সাড়ে ১২টায় চিকিত্সাধীন অবস্থায় এনামুল হক মারা যান।সংঘর্ষের সময় প্রতিষ্ঠানের জিএম ইশতিয়াক আহম্মেদকে শ্রমিকরা মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিত্সাধীন আহত শ্রমিক সিরাজ, আতিকুল্লাহ, হারুন জানান, ‘আমরা শ্রমিকদের বেসিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা করার দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের দাবি শোনেনি। দাবি আদায়ে আন্দোলন করলেই শ্রমিকদের ছাঁটাই করা হয়। ২০ বছর চাকরি করা শ্রমিকদের চাকরি এখনো স্থায়ী হয়নি। এসব দাবিতে গত কয়েক দিন যাবত্ আমরা কারখানায় শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করে আসছিলাম। আজ সকালে কারখানার জিএম ইশতিয়াক আহম্মেদের নির্দেশে পুলিশ আমাদের বেপরোয়া লাঠিপেটা ও শ্রমিকদের ওপর গুলিবর্ষণ করে। গুলিতে আমাদের সহকর্মী এনামুল হক নিহত হন।’ এ বিষয়ে আহত এসিআই কারখানার জিএম ইশতিয়াক আহম্মেদ জানান, শ্রমিকেরা অযৌক্তিক দাবিতে কারখানায় কর্মবিরতি পালন করে আসছেন। আজ সকালে শ্রমিকেরা কারখানায় হামলা ও ভাঙচুর চালালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ এম বদরুল আলম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।