নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এসিআই ওষুধ কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। এদিকে গতকাল রাতেই ওষুধ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।সংঘর্ষে কারখানার শ্রমিক এনামুল হক নিহত হওয়ার ঘটনায় একটি হত্যা মামলা এবং সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।রোববার রাত সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দুটি করা হয়। হত্যা মামলায় অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে। অন্য মামলায় অজ্ঞাত আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে।তবে নিহত এনামুলের পরিবারের পক্ষ থেকে থানায় কেউ মামলা করতে আসেনি বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।চাকরি স্থায়ীকরণ ও মজুরি বাড়ানোর দাবিতে গতকাল রোববার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে এনামুল হক (২৫) নামের এক শ্রমিক নিহত এবং ১৫ জন আহত হয়েছেন বলে শ্রমিকেরা অভিযোগ করেছেন। তবে পুলিশের দাবি, শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে এনামুলের মৃত্যু হয়েছে।দফায় দফায় ধাওয়া ও সংঘর্ষের সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা হামলা চালিয়ে কারখানার প্রতিটি বিভাগ তছনছ করেন। ভাঙচুর করেন ১২টি গাড়ি। পুরো কারখানা পরিণত হয় ধ্বংসস্তূপে। শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন পুলিশের ১০ সদস্য, পথচারী, শ্রমিকসহ অন্তত শতাধিক ব্যক্তি।