নারায়ণগঞ্জে কাল থেকে সেনা মোতায়েন
সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কাল শুক্রবার সকাল ছয়টা থেকে নারায়ণগঞ্জে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। থাকবে র্যাব, পুলিশ ও আর্মড পুলিশও। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য নির্বাচন কমিশন থেকে সেনাবাহিনীর কর্মপরিধি নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগকে জানানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, তিন কোম্পানি সেনাসদস্য ভ্রাম্যমাণ এবং এক কোম্পানি রিজার্ভ বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব আবদুল বাতেন স্বাক্ষরিত সেনাবাহিনীর কর্মপরিধি নির্ধারণসংক্রান্ত এক চিঠিতে জানানো হয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি থানায় মোট চার কোম্পানি সেনাসদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে তিন কোম্পানি নির্ধারিত এলাকায় স্ট্রাইকিং ও ভ্রাম্যমাণ বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে। বাকি একটি কোম্পানি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের রিজার্ভ বাহিনী হিসেবে অপেক্ষমাণ থাকবে। এই বাহিনী রিটার্নিং কর্মকর্তার নির্দেশ অনুযায়ী কাজ করবে। একই সঙ্গে তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করবে। আবদুল বাতেন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে পরামর্শ করেই কমিশন বিভিন্ন বাহিনীর কর্মপরিধি ঠিক করেছে। কমিশনের চিঠিতে বলা হয়েছে, সেনাসদস্যরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থান করবেন ১ নভেম্বর রাত ১১টা পর্যন্ত। ভ্রাম্যমাণ সেনাসদস্যরা ২৮ অক্টোবর সকাল ছয়টা থেকে নির্ধারিত এলাকার প্রতিটি ওয়ার্ডে টহল দেবেন। এ সময়ের মধ্যে এলাকায় কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে সেনাসদস্যরা তা মোকাবিলা করবেন। একই সঙ্গে তাঁরা প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন এবং প্রয়োজনে কেন্দ্রে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা করবেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একটি পরিপত্র জারি করা হয়েছে। ২০ অক্টোবর জারি করা এই পরিপত্রে বলা হয়েছে, প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে অস্ত্রসহ সাতজন পুলিশ, ব্যাটালিয়ন আনসার একজন এবং ১৪ জন আনসার ও ভিডিপি সদস্যসহ মোট ২২ জন সদস্য দায়িত্ব পালন করবেন। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ২৪ জন সদস্য।