নারায়ণগঞ্জে কুমুদিনীর পাটগুদামে আগুন
নারায়ণগঞ্জের তামাকপট্টি এলাকায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভাড়া দেওয়া তিনটি প্রতিষ্ঠানের চারটি পাটের গুদামে আজ রোববার আগুন লাগে। এতে পুড়ে গেছে চারটি গুদামের বিপুল পরিমাণ পাট। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শহরের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় পর্যন্ত ছাইয়ের নিচে চাপা পড়া আগুন জ্বলছিল। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনে চারটি গুদামের প্রায় ২০ কোটি টাকা মূল্যের পাট পুড়ে গেছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। তবে এ ব্যাপারে ফায়ার সার্ভিস কিছু জানায়নি।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের কাছ থেকে চারটি গুদাম ভাড়া নেয় শারমীন জুট বেলার্স, ইউনিভার্সেল জুট বেলার্স ও টাঙ্গাইল জুট বেলার্স নামের তিনটি প্রতিষ্ঠান। এদের মধ্যে শারমীন জুট বেলার্সের দুটি গুদাম। অন্য দুটি প্রতিষ্ঠান একটি করে গুদাম ভাড়া নেয়। সেখানে তারা পাট মজুদ রাখে। আজ সকাল নয়টার দিকে তামাকপট্টি এলাকার শারমীন জুট বেলার্সসংলগ্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দুটি গুদামেও ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখা ৪০-৫০ ফুট ওপরে উঠে যায়। আগুনে পুড়ে যায় গুদামে রাখা বিপুল পরিমাণ পাট। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আশপাশের এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শারমীন জুট বেলার্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আলী জানান, আগুনে তাঁর গুদামের মজুদ করা এক লাখ মণ পাট পুড়ে গেছে। অন্য দুটি প্রতিষ্ঠানেরও গুদামের মজুদ করা প্রায় ৫০ হাজার মণ পাট ছিল। চারটি গুদামের মোট দেড় লাখ মণ পাট পুড়ে গেছে। এর বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।