নারায়ণগঞ্জে গার্মেন্টসে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৬ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে রপ্তানিমুখী একটি পোশাক কারখানায় আজ সোমবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ছয় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কারখানাটির কর্তৃপক্ষ দাবি করেছে। শহরের পুলিশলাইন-সংলগ্ন উত্তর মাসদাইর কেতাবপুর এলাকায় ডিভাইন টেক্স গার্মেন্টস অ্যান্ড নিটওয়্যার লিমিটেড নামের ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, আজ সকাল সোয়া সাতটায় কারখানা-সংলগ্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এর পরপরই কারখানাটির নিটিং সেকশনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন কারখানার অন্যত্র ছড়িয়ে পড়ে। এ সময় পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আশপাশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শহরের হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের তাত্ক্ষণিক কোন খবর পাওয়া যায়নি।কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান জানান, গার্মেন্টসের নিটিং সেকশন ও গুদামে থাকা বিপুল পরিমাণ নিটিং কাপড় ও সুতা, আটটি নিটিং মেশিন, তিনটি বড় জেনারেটর, আসবাবপত্রসহ প্রায় ছয় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক জানান, পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।