নারায়ণগঞ্জে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় প্রকাশ্যে গুলি করে এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনতাই করার চেষ্টা করেছে একদল ছিনতাইকারী। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে মিল্টন (৩২) নামের এক যুবক আহত হয়েছেন। তাঁকে শহরের নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।জামাল আহম্মেদ জুয়েল বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক পরিচালক আবু জাফর আহম্মেদের ছোট ভাই।প্রাইম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জামাল আহম্মেদ জুয়েল জানান, শহরের বঙ্গবন্ধু সড়কের হক প্লাজায় অবস্থিত ওয়ান ব্যাংক থেকে দুপুরে তিনি পাঁচ লাখ টাকা উত্তোলন করেন। এরপর প্রাইভেটকারে করে তিনি মিশনপাড়ায় তাঁর প্রতিষ্ঠানের সামনে আসলে পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে ছয়জন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে।অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে জুয়েলের টাকার ব্যাগটি তাঁদের প্রতিষ্ঠানের দারোয়ানের দিকে ছুড়ে মারেন। এ সময় প্রতিবেশী লিটন নামের এক যুবক এগিয়ে এসে এক ছিনতাইকারীকে জাপটে ধরলে ছিনতাইকারীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। ছিনতাইকারীরা তাঁর ডান পা লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি তার পা ঘেঁষে চলে যায়। পরে লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা ফাঁকা গুলি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, ছিনতাইকারীরা টাকা নিতে পারেনি। তারা পালিয়ে যাওয়ার সময় দুটি ফাঁকা গুলি ছোড়ে বলে এলাকাবাসী জানিয়েছে।