নারায়ণগঞ্জে গ্যাসসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডনচেম্বার এলাকায় থাকেন গৃহিণী মেহেজাবিন আক্তার। স্বামী ও এক সন্তান নিয়ে তাঁর সংসার। এক বছর ধরে তিনি বাসায় সকালের নাশতা তৈরি করতে পারছেন না। রেস্তোরাঁ থেকে কিনে আনতে হচ্ছে সকালের নাশতা। গভীর রাতে রান্না করতে হয় মেহেজাবিনকে। সেই খাবার ফ্রিজে রেখে পরের দিন খেতে হচ্ছে। তিনি জানান, প্রতিদিন ভোর থেকে বিকেল পর্যন্ত চুলায় গ্যাস পাওয়া যায় না। আবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস থাকে না। গ্যাসসংকটের কারণে কেরোসিনের স্টোভ কিনে ব্যবহার করছেন তিনি। এতে জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে বলে মেহেজাবিন আক্তার জানান।শুধু ডনচেম্বার এলাকা নয়, নারায়ণগঞ্জ শহরের বেশির ভাগ এলাকার আবাসিক ও শিল্পগ্রাহকদের গ্যাসসংকটে ভুগতে হচ্ছে। বাসাবাড়িতে ঠিক সময় রান্নাবান্না করা যাচ্ছে না। অন্যদিকে গ্যাসনির্ভর শিল্পকারখানাগুলোর উৎপাদন কমে যাওয়ায় কোটি কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে শিল্পমালিকদের।অনুসন্ধানে জানা যায়, এক বছর ধরে শহরের দেওভোগ, দাতা সড়ক, বাবুরাইল, কাশিপুর, পাইকপাড়া, গলাচিপা, মাসদাইর, বাড়ৈভোগ, জল্লারপাড়, নয়ামাটি, টানবাজার, ডনচেম্বার, খানপুর, কিল্লারপুল, জামতলা, ইসদাইর, সস্তাপুর, কোতালেরবাগ, রামারবাগ, কুতুবআইল, কাঠেরপুল, হাজীগঞ্জ, পঞ্চবটি, ধর্মগঞ্জ, তল্লাসহ বিভিন্ন এলাকায় জ্বালানি গ্যাসসংকট চলছে। বাসাবাড়িতে চুলা না জ্বলায় অনেকেই রেস্তোরাঁর খাবার খেতে বাধ্য হচ্ছেন। ফলে কেউ কেউ আক্রান্ত হচ্ছেন পেটের পীড়াসহ নানা অসুখে।কমছে শিল্পের উৎপাদনগিয়ে দেখা গেছে, গ্যাসের অভাবে দিনের বেলা ফতুল্লা শিল্পাঞ্চলের বেশির ভাগ শিল্পকারখানা বন্ধ থাকছে। একাধিক শিল্পকারখানার মালিক জানান, গ্যাসের অভাবে তাঁদের কারখানার উৎপাদন কমে যাচ্ছে। শিল্পাঞ্চলে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে গ্যাসসংকট। এতে অচল হয়ে পড়েছে রপ্তানিমুখী পোশাক কারখানা, ডায়িং, প্রিন্টিং, স্টিল রি-রোলিং মিল। গ্যাস সরবরাহ না থাকায় এসব প্রতিষ্ঠানে ব্যবহূত জেনারেটর, বয়লার অচল হয়ে পড়ছে।দেশের সুতা ব্যবসায়ীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোলায়মান জানান, নারায়ণগঞ্জে ছোট-বড় অসংখ্য সুতা তৈরি ও কাপড় রং করার কারখানা রয়েছে। টেক্সটাইল শিল্পে বয়লার চালানোর জন্য জ্বালানি গ্যাস অপরিহার্য। গ্যাসের অভাবে এখন বেশির ভাগ কারখানায় প্রতিদিন ১০-১২ ঘণ্টা উৎপাদন বন্ধ থাকছে।বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহসভাপতি মোহাম্মদ হাতেম জানান, গ্যাসসংকটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিটওয়্যার সেক্টর, বিশেষ করে ডায়িং ইউনিটগুলোর উৎপাদনক্ষমতা ৪৫ শতাংশ কমে গেছে। ফলে এ বছর রপ্তানি প্রবৃদ্ধি ৪৪ শতাংশ হয়েছে। যদি গ্যাসসংকট না থাকত, তবে রপ্তানি প্রবৃদ্ধি ৬৫ থেকে ৭০ শতাংশ বাড়ানো সম্ভব হতো। তাই নিটওয়্যার সেক্টরে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করার দাবি করেন তিনি।নারায়ণগঞ্জ শহরের গ্যাসসংকটের বিষয়ে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিডেটের মহাব্যবস্থাপক (নারায়ণগঞ্জ অফিস) মুজিবুল হক বলেন, ‘আমরা যে পরিমাণ গ্যাস পাচ্ছি, নারায়ণগঞ্জে চাহিদা তার তুলনায় অনেক বেশি। ফলে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের একাংশে গ্যাসের চাপ কম। এ ছাড়া বিদ্যুৎ উৎপাদনের জন্য সিদ্ধিরগঞ্জ, হরিপুর ও মেঘনা পাওয়ার স্টেশনে আমাদের গ্যাস সরবরাহ করতে হচ্ছে। এ কারণে গ্যাসসংকট আরও বেড়ে যাচ্ছে।’ গ্যাস সরবরাহ না বাড়লে সংকট কমবে না বলে তিনি জানান।একই বিষয়ে তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক (নারায়ণগঞ্জ অফিস) আবদুল ওহাব জানান, শীতলক্ষ্যা নদীর পশ্চিমপাড় থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ শহর, ফতুল্লার পাগলা ও মুন্সিগঞ্জ পর্যন্ত গ্যাসের চাহিদা প্রতিদিন কমপক্ষে ৯০ মিলিয়ন ঘনফুট। প্রতিদিন পাওয়া যাচ্ছে ৬৫ মিলিয়ন ঘনফুটের মতো। ঘাটতি থাকছে ২৫ মিলিয়ন ঘনফুট। গ্যাসসংকট সমাধান করতে হলে এই ঘাটতি দূর করতে হবে। এ ছাড়া গ্যাস সঞ্চালন লাইনের উন্নয়ন প্রয়োজন।তবে খোঁজ নিয়ে জানা যায়, অনেক শিল্পকারখানায় চোরাই লাইন আছে। এজন্যে গ্যাসের প্রকৃত ঘাটতি আরও বেশি।