নারায়ণগঞ্জে ছাত্রদল নেতাকে হত্যার জেরে আওয়ামী লীগ সমর্থকের ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়ার ইজারাকান্দি এলাকায় ছাত্রদলের নেতাসহ দুজনকে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কালাপাহাড়িয়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি আবদুস সালামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর জের ধরে আজ বুধবার সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতা নুরুজ্জামানের বাড়িতে হামলা চালিয়ে তাঁর ভাই লাল মিয়াকে হত্যা করা হয়।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে আবদুস সালাম উপজেলার কদুলিরচরের নিজ বাড়ি থেকে ইজারাকান্দি শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। শ্বশুরবাড়ি পৌঁছার কিছুদূর আগে রাত ১০টার দিকে ৮-১০ জন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা আবদুস সালামের মুখে কাপড় চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। সালামের চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাঁকে সোনারগাঁয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।ইজারাকান্দি গ্রামের আওয়ামী লীগের সমর্থক নুরুজ্জামান অভিযোগ করেন, এ ঘটনায় তাঁকে দায়ী করে আজ সকাল সাতটার দিকে নিহত সালামের পক্ষের লোকজন তাঁর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তাঁর ভাই লাল মিয়া, আবদুর রশিদ ও বোন মরিয়মকে অপহরণ করে কদুলিরচর গ্রামে নিয়ে যায়। পরে পুলিশ গুরুতর অবস্থায় ওই তিনজনকে উদ্ধার করে। পুলিশ ফাঁড়িতে লাল মিয়ার (৪২) মৃত্যু হয়। আহত আবদুর রশিদ ও মরিয়মকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও চর দখলকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে আবদুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।আড়াইহাজার উপজেলার আওয়ামী লীগের সভাপতি শাহজালাল মিয়া বলেন, এটা রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। ওই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।তবে আড়াইহাজার উপজেলার বিএনপির সভাপতি বদরুজ্জামান অভিযোগ করেন, রাজনৈতিক কারণেই আওয়ামী লীগের দুর্বৃত্তরা আবদুস সালামকে পরিকল্পিতভাবে খুন করেছে। এর জের ধরে ক্ষুব্ধ এলাকাবাসী লাল মিয়াকে হত্যা করেছে।