নারায়ণগঞ্জে ছাত্রদল-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় আজ বুধবার হরতালের সমর্থনে ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন। এ ছাড়া শহরের পাইকপাড়া এলাকায় যুবদলের নেতা-কর্মীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাতটার দিকে শহরের বরফকল এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করেন। এ সময় তাঁরা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন ও বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। পরে পুলিশ রাবারের গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পাঁচজন আহত হন।মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহম্মেদ দাবি করেন, বরফকল এলাকায় মিছিল বের করলে পুলিশ বিনা উসকানিতে তাঁদের লাঠিপেটা করে ও গুলি চালায়। এতে দলের পাঁচজন কর্মী আহত হয়েছেন।এদিকে, সকাল ছয়টার দিকে শহরের পাইকপাড়া এলাকা থেকে হরতালের সমর্থনে যুবদলের নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় তাঁরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ ধাওয়া দিলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন রয়েছে র‌্যাব ও পুলিশ ।