নারায়ণগঞ্জে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ২
আগামী ৩০ নভেম্বর বিএনপির ডাকা হরতালের সমর্থনে আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জে জেলা ছাত্রদলের মিছিলে দুই দফা লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় পুলিশের লাঠিচার্জে পথচারীসহ ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মিছিল থেকে দুই ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে ৩০ নভেম্বর বিএনপির আহূত হরতালের সমর্থনে জেলা ছাত্রদলের সহসভাপতি শাহআলম মুকুল, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজলের নেতৃত্বাধীন একটি মিছিল জেলা বিএনপি কার্যালয়ে যাওয়ার সময় শহরের দুই নম্বর রেল গেট এলাকায় পুলিশ মিছিলে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আড়াইহাজার উপজেলার সফর আলী ভূইয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি ছাত্রদল নেতা মঞ্জুর হোসেন ও ছাত্রদলকর্মী সেলিমকে আটক করে পুলিশ।এদিকে বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা আবারও মিছিল নিয়ে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সভা করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং একপর্যায়ে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাগিবতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মিছিলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জে পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে।পুলিশ ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে বেপরোয়া লাঠিচার্জ এবং ব্যানারও কেড়ে নিয়েছে বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন মিছিলে পুলিশের লাঠিচার্জের কথা স্বীকার করে বলেন, জনসাধারণের যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দিয়েছে।