নারায়ণগঞ্জে জঙ্গি হামলার আশঙ্কা নাকচ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এক মেয়র পদপ্রার্থীর জঙ্গি হামলার আশঙ্কা নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. শহীদ মিলন মিলনায়তনে প্যালেয়েটিভ কেয়ার সেন্টার উদ্বোধন শেষে সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, নির্বাচনে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই।নারায়ণগঞ্জের নির্বাচনে সেনা মোতায়েন না হওয়ায় কোনো সমস্যা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, সেখানে নির্বাচন সুষ্ঠু হবে। দেশে কোনো জঙ্গি নেই। বিএসএমএমইউ ও রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ঢাকা যৌথভাবে ২০ শয্যার এই কেন্দ্র প্রতিষ্ঠা করে। অনুষ্ঠানে বক্তারা জানান, এখান থেকে বিনা মূল্যে নিরাময় অযোগ্য রোগের চিকিত্সা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১০ বছরের যেকোনো সময়ের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু বিএসএমএমইউ নয়, পর্যায়ক্রমে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে প্যালেয়েটিভ সেন্টার চালুর জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করবেন।সাহারা খাতুন বলেন, এখন দেশের বিভিন্ন স্থান থেকে এ ধরনের রোগীদের বিএসএমএমইউতে আসতে হয়। সারা দেশে এ সেন্টার চালু হলে রোগীদের আর দুর্ভোগ পোহাতে হবে না। তিনি বলেন, নিরাময় অযোগ্য রোগ থেকে আরোগ্য হওয়ার একমাত্র ওষুধ মরচিন ট্যাবলেট শুধু ঢাকায় পাওয়া যায়। একটিমাত্র প্রতিষ্ঠান এটির উত্পাদন করে। তিনি সব ওষুধ কোম্পানিকে এ ট্যাবলেট উত্পাদনের আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, সহ-উপাচার্য মোহাম্মাদ শহীদুল্লাহ, রোটারি ক্লাব অব মেট্রোপলিটনের সভাপতি সৈয়দ তাহসিন হক প্রমুখ।