নারায়ণগঞ্জে জনতার রায় দেওয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ রোববার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত। ভোটারদের রায়ে একজন মেয়রের পাশাপাশি ৩৬ জন কাউন্সিলর নির্বাচিত হবেন। আজ রাতেই ভোটের ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আজ ১৬৩টি কেন্দ্রে ভোট দেবেন চার লক্ষাধিক ভোটার। এই কেন্দ্রের মধ্যে ৩৭টি সাধারণ এবং ১২৬টি ঝুঁকিপূর্ণ। তবে নির্বাচন কমিশন এ সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ না বলে গুরুত্বপূর্ণ বলছে। এ বছরের ৫ মে নারায়ণগঞ্জ পৌরসভা, বন্দরের কদম রসুল ও সিদ্ধিরগঞ্জ পৌরসভা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠিত হয়। গত ২২ সেপ্টেম্বর এই নবগঠিত সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আজকের নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত দুই প্রার্থীর মধ্যে। তাঁরা হলেন নারায়ণগঞ্জের সাবেক পৌর মেয়র সেলিনা হায়াত্ আইভী ও আওয়ামী লীগ সমর্থিত শামীম ওসমান। বিএনপির সমর্থিত তৈমুর আলম খন্দকার গতকাল গভীর রাতে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। আজকের নির্বাচনে র্যাবের ১৪০০ সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ হাজার সদস্য সক্রিয় থাকবেন। নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল বিকেলে মহড়া দেয় র্যাব। র্যাবের পক্ষ থেকে ভোটারদের আশ্বস্ত করে বলা হয়েছে, তাঁরা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে আসেন। জানা গেছে, প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে অস্ত্রসহ সাতজন পুলিশ, ব্যাটালিয়ন আনসার একজন, ১৪ জন আনসার, ভিডিপিসহ মোট ২২ জন দায়িত্ব পালন করছেন। অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকছেন ২৪ জন সদস্য। এ ছাড়া নয়জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও থাকবেন।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, কোনো ধরনের গণ্ডগোল হলে ভোট বন্ধ করে দেওয়া হবে।