নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাকচাপায় ইরফান আহম্মেদ সিফাত নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ খবর শুনে ইরফানের বাবা জসীমউদ্দীন হূদেরাগে আক্রান্ত হন। নিহত ইরফান ঢাকার যাত্রাবাড়ী এলাকার ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র ছিল। তার বাড়ি সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর এলাকায়।এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত কলেজছাত্রের বন্ধু মাসুদ প্রথম আলোকে জানায়, সকাল সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের সিদ্ধিরগঞ্জপুল এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ইরফানের সঙ্গে কথা বলছিল সে। একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই ট্রাকটি ইরফানকে চাপা দেয়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে ইরফানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইরফানের স্বজনদের অভিযোগ, ওই ট্রাকটি চালক নয়, চালকের সহকারী আনোয়ার হোসেন চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যান তিনি।ইরফান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে—এমন খবর শুনে সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অবরোধ সৃষ্টি করে। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ঘণ্টা অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ লাঠিপেটা করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত ২০ জন আহত হয়। বেলা সাড়ে ১১টার দিকে ইরফানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সিদ্ধিরগঞ্জে তার সহপাঠী, স্থানীয় রেবতী মোহন ও এমডব্লিউ কলেজের শিক্ষার্থীরা এবং এলাকাবাসী আবারও রাস্তায় নেমে আসে। দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জপুল এলাকায় অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় অন্তত ৩০টি যানবাহন ভাঙচুর করা হয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা দেড়টার দিকে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে যান চলাচল আবার শুরু হয়। এদিকে নিহত ইরফানের মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ছেলের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে বাবা জসীমউদ্দীন হূদেরাগে আক্রান্ত হন। বারবার মূর্ছা যান ইরফানের মা। জসীমউদ্দীনকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন তিনি।দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা গতকাল রাত আটটার দিকে বলেন, ট্রাকটি চালকের সহযোগী চালাচ্ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।