নারায়ণগঞ্জে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ৩
নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলার নন্দলালপুর এলাকায় গতকাল সোমবার ট্রেন ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫০ জন। আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে অন্তত ১৫ জনকে।নিহতরা হলেন মো. শহীদ (৫০), জসিম উদ্দিন (৫৫) ও মোসাম্মৎ বেগম (৫০)। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল পৌনে ১০টার দিকে ফতুল্লার পাগলার নন্দলালপুরে রেলক্রসিং পার হওয়ার সময় কাঠভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উঠে বিকল হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ঢাকাগামী একটি ট্রেন আসে। ট্রেনটি প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশের একটি বস্তিঘরের ওপরে ছিটকে পড়ে। এতে ট্রেনের ইঞ্জিন ও ছাদে থাকা যাত্রী এবং পথচারীসহ অর্ধশতাধিক লোক আহত হয়। আহত ব্যক্তিদের বেশির ভাগই ট্রেনের যাত্রী।স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে নারায়ণগঞ্জের ২০০ শয্যার হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নারায়ণগঞ্জের বন্দর এলাকার জসিম, এনায়েতনগরের শহীদ ও চাষাঢ়ার চানমারি এলাকার মোসাম্মৎ বেগম মারা যান। হাসপাতালে ভর্তি করা হয় নারায়ণগঞ্জের রানু বেগম (৩০), মনির হোসেন (১৮) ও মনোয়ার হোসেন (৩০); বরগুনার খাদিজা বেগম (৩০); কুমিল্লার জিয়াউল আলম (৪০); ট্রাকচালক খুলনার বাবর আলী এবং চালকের সহকারী বাগেরহাটের আলাউদ্দিনকে (৩২)। পরে মনিরকে বেসরকারি একটি ক্লিনিকে স্থানান্তর করা হয়।নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে আনোয়ার হোসেন (৪৫), হাসমত উল্লাহ (৪০), মনির হোসেন (৪০), আবদুল হাই (৬০), শুভ (১২), ইয়ারহাম (৪৫), হাসান (৩৫), দেলোয়ার হোসেন (৪০), সুলতান (৩০), কালাচান (৪০), শাহজাহান (৪৫), মরিয়ম, রুবিনা, সাবিনা ও ১১ মাসের শিশু সুমাইয়াকে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।ট্রাকের চালক বাবর আলী জানান, চট্টগ্রাম থেকে কাঠ নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় যাচ্ছিলেন তিনি। রেলক্রসিং পার হওয়ার সময় লাইনের ওপর উঠলে ট্রাক বিকল হয়ে যায়। ট্রেনের চালক আবুল হোসেন জানান, ট্রেনটি ক্রসিংয়ের কাছাকাছি পৌঁছালে ট্রাকটি রেললাইনের ওপরে উঠে যায়। বারবার হর্ন দেওয়া হলেও তা সরানো হয়নি। ট্রেনের গতি কমিয়ে দেওয়ার পরও দুর্ঘটনা ঘটে। আহত ট্রেনযাত্রী রানু বেগম জানান, তিনি নারায়ণগঞ্জের একটি বস্তিতে থাকেন। কাজ করেন চাষাঢ়ার ‘জাতীয় অন্ধ সংস্থা’ নামের একটি প্রতিষ্ঠানে। ওই প্রতিষ্ঠানের জন্য অনুদান তুলতে রসিদ বই নিয়ে তিনি ঢাকায় যাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ হওয়ার পর তিনি বাইরে ছিটকে পড়েন। এরপর তাঁর কিছু মনে নেই।নারায়ণগঞ্জ রেলস্টেশনের মাস্টার আবদুল আজিজ জানান, দুর্ঘটনার কারণে দুপুর সোয়া ১২টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। রাজধানীর কমলাপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন নিয়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ ঘটনা তদন্তে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন: বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) আরিফুর রহমান, বিভাগীয় প্রকৌশলী (সংকেত) বেনু রঞ্জন ও বিভাগীয় প্রকৌশলী সুবক্ত ডিন। কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রেলওয়ের মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চোধুরী, অতিরিক্ত মহাপরিচালক মো. শাহজাহান ও আনহার মাহমুদ এবং তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ২৬টি লেভেলক্রসিং রয়েছে। তার মধ্যে বৈধ লেভেলক্রসিং ১৪টি। অননুমোদিত ক্রসিং ১২টি। স্থানীয়ভাবে এসব ক্রসিং তৈরি করা হয়েছে। নন্দলালপুরের ক্রসিংটিও অবৈধ।