নারায়ণগঞ্জে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সদর উপজেলার পাগলা নন্দলালপুর এলাকায় আজ সোমবার সকালে ঢাকাগামী ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত এবং ট্রেনের যাত্রী, পথচারীসহ অর্ধশতাধিক আহত হয়েছে।ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নিলে দুপুর সোয়া ১২টায় আবার ট্রেন চলাচল শুরু হয়।এদিকে ঘটনা তদন্তে রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) আরিফুর রহমান, বিভাগীয় প্রকৌশলী (সংকেত) বেণু রঞ্জন প্রমুখ। কমিটিকে দুই দিনের মধ্যে তাঁদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নারায়ণগঞ্জের এনায়েতনগরের মোহাম্মদ শহীদ ও ব্যবসায়ী জসিমউদ্দিন।রেলওয়ে, প্রত্যক্ষদর্শী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল নয়টা ৪০ মিনিটে পাগলা নন্দলালপুর এলাকায় ঢাকাগামী ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রাকটি রেললাইনের ওপর উঠে যায়। এতে ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে একটি বস্তিঘরের ওপর ছিটকে পড়ে।দুর্ঘটনায় ট্রেনের চালক, পথচারী ও বস্তিঘরে থাকা লোকজনসহ অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের প্রথমে শহরের খানপুরের ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।প্রথমে খানপুরের নারায়ণগঞ্জ হাসপাতালে ১২ জনকে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ১০ জনকে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ওই তিনজনের মৃত্যু হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ট্রাকের চালক বাবর আলী জানান, তিনি চট্টগ্রাম বন্দর থেকে কাঠ নিয়ে রাজবাড়ীর ভাঙ্গায় যাচ্ছিলেন। পাগলা নন্দলালপুর এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এরপর তিনি আর কিছুই জানেন না।রেলওয়ের ফতুল্লার স্টেশনমাস্টার গোলাম মোস্তফা জানান, ট্রেনটি সকাল নয়টা ৩১ মিনিটে ফতুল্লা থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশে ছেড়ে যায়। নয়টা ৪০ মিনিটে ট্রেনটি পাগলা ও নন্দলালপুরের মাঝামাঝি সড়কে একটি সিগনাল পয়েন্টে রেললাইনের ওপরে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। তিনি জানান, ওই সিগনালটি রেলওয়ের অনুমোদিত কোনো সিগনাল পয়েন্ট নয়।আহত যাত্রীরা জানায়, ট্রাকটি সিগনাল অমান্য করে রেললাইনের ওপরে উঠে যাওয়ায় দুর্ঘটনা ঘটে।