নারায়ণগঞ্জে তিন ওসমানের রাজত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বাণিজ্যকেন্দ্র নিতাইগঞ্জের প্রধান সড়কটি এখন প্রায় বন্ধ। সেখানে ট্রাকস্ট্যান্ড তৈরি করেছেন শামীম ওসমানের ঘনিষ্ঠ বজলুর রহমান ওরফে হাজি রিপন। নগরবাসীর অভিযোগ, মানুষের অনেক আপত্তির পরও শামীম ওসমানের কারণে ট্রাকস্ট্যান্ডটি সরানো যায়নি। স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী ও পুলিশ সূত্রগুলো বলছে, শুধু ট্রাকস্ট্যান্ডই নয়, জেলার পরিবহন খাতে চাঁদাবাজি থেকে শুরু করে গার্মেন্টসের ঝুট ব্যবসা, নদী থেকে বালু উত্তোলন, জ্বালানি তেলের চোরাই ব্যবসা, বিভিন্ন দপ্তরের দরপত্র নিয়ন্ত্রণ, মাদকের স্পট নিয়ন্ত্রণ— সব অবৈধ ব্যবসাই শামীম ওসমানের অনুসারীদের নিয়ন্ত্রণে। শামীম ওসমান, তাঁর দুই ভাই নাসিম ওসমান ও সেলিম ওসমানই যেন নারায়ণগঞ্জের সব।তিন ভাইয়ের সবার ছোট শামীম ওসমান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এগুলো বিরোধী পক্ষের অপপ্রচার। তাঁর দাবি, কোনো অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না।আওয়ামী লীগের স্থানীয় নেতারা বলেন, তিন ওসমানের দাপটে তাঁরা কোণঠাসা। তবে তাঁদের কারণে এলাকার মানুষ ভেতরে ভেতরে বিরক্ত। গত ইউপি নির্বাচনে এর প্রমাণ মিলেছে। সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর ও বন্দর উপজেলার নয়টি ইউনিয়নের একটিতেও ওসমানদের অনুসারীরা জিততে পারেননি। বন্দর এলাকার চারটি ইউনিয়নে নাসিম ওসমানের মনোনীত লোক সবচেয়ে কম ভোট পেয়েছেন।ব্যবসায়ী ও ঠিকাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, শামীম ওসমান এবার সরাসরি কোনো কিছুর সঙ্গে জড়াননি, অনুসারীদের দিয়ে করাচ্ছেন। ফতুল্লার বিসিক শিল্পনগর, কাশিপুর, কাঠেরপুল, পোস্ট অফিস রোড এলাকায় গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করছে তাঁর লোক হিসেবে পরিচিত শাহ নিজাম ও ক্যাঙ্গারু পারভেজ। ক্যাঙ্গারু পারভেজ নারায়ণগঞ্জে এলজিআরডির টেন্ডার ও বালু ভরাটের কাজ নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ আছে। ২০০১ সালের নির্বাচনের আগে শামীম ওসমানের গাড়িবহর থেকে অস্ত্রসহ পারভেজ গ্রেপ্তার হন। সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর নিচে নদীর পাড় দখল করে বালু ও পাথরের ব্যবসা করছেন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নূর হোসেন। স্থানীয় লোকজন জানান, শামীমের ঘনিষ্ঠ বন্ধু ইব্রাহিম চেঙ্গিস নারায়ণগঞ্জের পরিবহন ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। দিন-রাত তিনি শামীম ওসমানের সঙ্গে চলাফেরা করেন। চেঙ্গিসের হয়ে গত ১৮ জুন পরিবহন মালিকদের পক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ে একটি সভায় যোগ দেন শামীম ওসমান। সেখানে বাসভাড়া নিয়ে বিতর্কের সময় তিনি শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের প্রতি মারমুখী হন। সাংসদ কবরীকেও গালমন্দ করেন। নিজের খালাতো শ্যালক এহসানুল হাসানকে নসিব পরিবহন নামের একটি পরিবহন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক করেছেন শামীম ওসমান। তবে ট্রাকে চাঁদাবাজির নিয়ন্ত্রণ হাজি রিপনের। শহরের নিতাইগঞ্জের মূল সড়ক বন্ধ করে তিনি ট্রাক টার্মিনাল তৈরি করেছেন। হাজি রিপন সব রাজনৈতিক কর্মসূচিতে শামীম ওসমানের সঙ্গে থাকেন।নারায়ণগঞ্জের বাসিন্দারা জানান, শহরের উত্তর চাষাঢ়ায় শামীম ওসমানের পৈতৃক বাড়ি ‘হীরা মহল’-এ এসব লোককে দিন-রাত দেখা যায়।তবে শামীম ওসমান প্রথম আলোকে বলেন, কোনো অভিযোগেরই ভিত্তি নেই। কেউ প্রমাণ করতে পারবে না। সন্ত্রাসী হিসেবে যাদের নাম বলা হচ্ছে, এরা কেউই সন্ত্রাসী নয়। চারদলীয় জোট সরকারের আমলে তাদের হয়রানিমূলক মামলা দিয়ে সন্ত্রাসী বানানো হয়েছে।বদলে যায় সবকিছু: মহাজোট সরকার ক্ষমতায় আসার আগে পর্যন্ত নারায়ণগঞ্জ র‌্যাব কার্যালয়ের নোটিশ বোর্ডে শীর্ষ অপরাধী হিসেবে শামীম ওসমানের ছবি ঝোলানো ছিল। ওই বোর্ডে দ্বিতীয় শীর্ষ অপরাধী ছিলেন তাঁরই ভাই নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান। নারায়ণগঞ্জ পুলিশের তালিকায়ও শামীম ওসমান ছিলেন ‘এক নম্বর সন্ত্রাসী’। ২০০৯ সালে সরকার বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় সবকিছু। নোটিশ বোর্ড থেকে বাদ পড়ে যায় শামীম ওসমানের ছবি, বদলে যায় পুলিশের তালিকাটিও। ২০০১ সালের ১ অক্টোবর জাতীয় নির্বাচনের রাতে ফলাফল প্রকাশ হওয়ার আগেই নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যান শামীম ওসমান। এরপর পুরো পাঁচ বছর তিনি আর ওমুখো হননি। ভারত, আমেরিকা ও কানাডায় ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।জেলা পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশের ওয়েবসাইটে ছবিসহ শামীম ওসমানকে ধরিয়ে দেওয়ার ঘোষণা ছিল। তাঁকে ধরতে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ পাঠানো হয়। তবে এখন আর সে নোটিশের কার্যকারিতা নেই।জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে তিনি জেলায় এসেছেন। এ ব্যাপারে কিছু জানেন না। ঢাকার পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল ডেস্কের একজন কর্মকর্তা বলেন, একটি নির্দিষ্ট সময় পর ইন্টারপোলের রেড নোটিশের মেয়াদ শেষ হয়ে যায়। সেই মেয়াদ নবায়ন না করলে তার কোনো কার্যকারিতা থাকে না। শামীম ওসমানের বিরুদ্ধে জারি হওয়া নোটিশের মেয়াদ শেষ হওয়ার পর আর নবায়ন করা হয়নি। নারায়ণগঞ্জের সাধারণ মানুষের অভিমত, তাঁর বিরুদ্ধে আবার নতুন করে নোটিশ দেওয়া হবে—এমন সাধ্য জেলা পুলিশেরও নেই। নারায়ণগঞ্জের কয়েকজন ঠিকাদার বলেন, ’৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে ওসমান সহোদররা চলতেন আগে-পিছে গাড়ি হাঁকিয়ে। এখন তেমন দৃশ্য চোখে পড়ে না। এবার তাঁরা সবকিছু করছেন আড়ালে থেকে। তিন ওসমানকে সন্তুষ্ট না করে কোনো ঠিকাদারই কাজ করতে পারছেন না।নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম আরাফাত প্রথম আলোকে বলেন, শামীম ওসমানরা প্রকাশ্যে না এলেও সবকিছু তাঁরাই নিয়ন্ত্রণ করছেন। তাঁদের ভয়ে কেউ কথা বলতে পারেন না।ফিরে আসা: আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদ শেষে ২০০৬ সালের ডিসেম্বরে হঠাৎ করে শামীম ওসমান নারায়ণগঞ্জে ফিরে আসেন। কিন্তু সেনাবাহিনী-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার কয়েক দিন আগে আবার হঠাৎ আত্মগোপন করেন। ফিরে আসেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার কয়েক দিন পর। এরপর নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে ঘাঁটি গেড়ে বসেন। সেখানে নিজের অবস্থান পাকাপোক্ত করতে নিজের শ্যালক তানভীর আহমেদকে বানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক।নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের আশা ছিল, শামীম ওসমান ভালো হয়ে যাবেন। কিন্তু তা হয়নি। হুমকি-ধমকি দিয়ে গায়ের জোরে তিনি সব করতে চান। আগের মতো আবার তাঁর চারপাশে সন্ত্রাসীরা ভিড় করছে।’নাসিম ওসমান: ওসমান পরিবারের বড় ছেলে নাসিম ওসমান। এরশাদ আমলে যুব সংহতির নেতা ছিলেন তিনি। ’৮৬ সালে নারায়ণগঞ্জ সদর আসনে জাতীয় পার্টির সাংসদ নির্বাচিত হন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ’৯৬ সালে শামীম ওসমান সাংসদ নির্বাচিত হওয়ার পর নাসিম ওসমানও নারায়ণগঞ্জ-৫ আসনের হর্তাকর্তা বনে যান। ২০০১ সালের নির্বাচনের রাতেই নাসিম ওসমান ও তাঁর ছেলে আজমেরী ওসমান দেশ ছেড়ে পালিয়ে যান। পুরো অর্ধ যুগ নারায়ণগঞ্জের সন্ত্রাসীর তালিকায় দ্বিতীয় নম্বরে থাকা আজমেরী মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের মার্চে ফিরে আসেন। তবে পুলিশের তালিকায় এখন তিনি আর অপরাধী নন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বীকার করেছেন, সরকার বদলের সঙ্গে সঙ্গে অপরাধীদের তালিকাও বদলে গেছে।ব্যবসায়ী ও পুলিশ সূত্র জানায়, মহাজোট থেকে নির্বাচিত হওয়ার পর নাসিম ওসমানের অনুসারীরা নারায়ণগঞ্জ সদরে সব কটি গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেন। নাসিমের অনুসারী বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু শীতলক্ষ্যা নদীতে বালুর ট্রলার থেকে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নেন। শহরের সব ফুটপাত, মাদক ব্যবসা, ফেনসিডিলের জন্য মাদকের স্পট ভাড়া দেওয়া—সবই তাঁর লোকজনের নিয়ন্ত্রণে।নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নাসিম ওসমানের অনুসারীরা মহাজোটের জন্য কোনো কাজ করেন না। তাঁরা শুধু নিজেদের জন্য কাজ করছেন। তবু তাঁদের বিরুদ্ধে দলের কেউ কথা বলতে পারেন না। নাসিম ওসমানের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে মুঠোফোনে যোগাযোগ করা হলে পরিচয় শুনে তিনি কথা বলতে রাজি হননি। সেলিম ওসমান: ওসমান পরিবারের মেজো ছেলে সেলিম ওসমান সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। কিন্তু ক্ষমতার দাপটে তিনিও কম যান না। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নেতা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার দুই মাসের মধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি হন সেলিম। ’৯৬ সালে শামীম ওসমান সাংসদ হওয়ার পরপরই চেম্বারের সভাপতি হন সেলিম ওসমান। এবার তিনি নারায়ণগঞ্জ ক্লাব ও বিকেএমইএর সভাপতি হয়েছেন। সব ব্যবসায়ী সংগঠনে সেলিম ওসমান নিজের অনুগত লোক বসিয়েছেন। ব্যবসায়ীদের অভিযোগ, যেসব সন্ত্রাসী ও চাঁদাবাজ নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের জিম্মি করে রেখেছে, তাদের বেশির ভাগের প্রশ্রয়দাতা এই দুই ভাই।পুলিশ জানায়, ২০০১ সালের অপারেশন ক্লিন হার্ট চলাকালে সেনাবাহিনী সেলিম ওসমানকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক বিবেচনায় সে মামলা প্রত্যাহার করা হয়েছে। এ ব্যাপারে সেলিম ওসমান প্রথম আলোকে বলেন, ‘চেম্বারের সবাই আমাকে ওই পদে বসিয়েছেন। এখানে কোনো অনিয়ম হয়নি। চেম্বার চালানোর খরচ মেটানো এখন কঠিন হয়ে যাচ্ছে।’ তিনি বলেন, তাঁর ভাইয়েরা রাজনীতি করেন, এ কারণে তাঁদের বিপক্ষের লোকজন নানা কথা বলে বেড়ায়।